চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র আ জ ম নাছির উদ্দিনকে ‍শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আজ (শনিবার) বিকালে বর্ণাঢ্য সংবর্ধনা দেবে নাগরিক কমিটি চট্টগ্রাম।

শনিবার বিকাল চারটায় ঢাকা থেকে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছবেন মেয়র নাছির। বিমান থেকে নামার পরপরই নতুন মেয়রকে প্রথম সংবর্ধনা দেবে নাগরিক কমিটি।

সংবর্ধনায় নগরীর প্রতিটি ওয়ার্ড থেকে ২টি করে ট্রাকসহ প্রায় দেড়শতাধিক গাড়ি বহরে মহানগর আওয়ামী লীগসহ ৪৪ সাংগঠনিক ওয়ার্ডে থেকে আওয়ামী লীগ, শ্রমিক লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা যোগ দেবেন।

এ ব্যাপারে মেয়রের এপিএস ও আওয়ামী লীগ নেতা রায়হান ইউসুফ জানান, শনিবার ৩টা ২০ মিনিটে ইউএস বাংলা এয়ার বিমানযোগে মেয়র আ জ ম নাছির উদ্দিন ঢাকা থেকে যাত্রা করবেন।

গত ৬ মে মেয়র হিসেবে শপথ নেয়ার পর আজ বিকাল ৪টায় চট্টগ্রামে ফিরছেন আ জ ম নাছির। প্রথমবার মেয়রের চট্টগ্রাম ফিরে আসা নিয়ে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে।

এদিকে নতুন মেয়রের সংবর্ধনা উপলক্ষে বিমানবন্দরসহ আশপাশের এলাকা নেতাকর্মীদের শুভেচ্ছা আর অভিনন্দন ব্যানারে ছেয়ে গেছে। নতুন মেয়রকে অভিনন্দন জানিয়ে পতেঙ্গা থেকে বিমানবন্দরের আশপাশের এলাকায় অসংখ্য ব্যানার লাগানো হয়েছে।

এছাড়া আগামীকাল (সোমবার) দুপুরে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে মহানগর আওয়ামী লীগের উদ্যোগে মেয়র নাছিরের সংবর্ধনার আয়োজন করা হয়েছে। সংবর্ধনা উপলক্ষে আয়োজিত মেজবান অনুষ্ঠানে ৪ হাজার লোকের খাওয়ার ব্যবস্থা করা হয়েছে বলে নগর আওয়ামী লীগ সূত্রে জানা যায়।

২৮ এপ্রিল সিটি নির্বাচনে আ জ ম নাছির উদ্দিন মেয়র নির্বাচিত হওয়ার পর ৩ মে গণভবনে সপরিবারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন। এরপর ঢাকা থেকে তিনি আর চট্টগ্রাম ফিরেননি। গত ৬ মে শপথ গ্রহণ শেষে ৭ মে টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজার জেয়ারত করতে যান। প্রায় ৭দিনের মাথায় আজ তিনি চট্টগ্রাম ফিরছেন।

কেএইচ