হবিগঞ্জ সদর উপজেলার অলিপুর এলাকায় ট্রাকের চাপায় এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম হাবিবুর রহমান (৪০) বলে জানা যায়।
শুক্রবার সকাল ৮টায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত হাবিবুর রহমান হবিগঞ্জ সদর উপজেলার অলিপুর গ্রামের মৃত শাহবাজ মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে হাবিবুর অলিপুর এলাকার মহাসড়ক পার হওয়ার সময় সিলেটগামী একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ ঘটনার পর বিক্ষুব্ধ জনতা আধা ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখে। এতে সড়কের উভয়পাশে শতাধিক যানবাহন আটকা পড়ে। পরে খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এদিকে, মহাসড়কের মাধবপুর উপজেলার বাকশাইল এলাকায় শুক্রবার ভোরে গাড়িচাপায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি (৫০) নিহত হয়েছেন।
খবর পেয়ে ভোর সাড়ে ৪টায় শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠায়।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এস আই) কামাল হোসেন দুর্ঘটনা দু’টির সত্যতা নিশ্চিত করেছেন।
ঢাকা, ২৬ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এসএইচ





