উত্তরাঞ্চলে জেএমবির বর্তমান কার্যক্রম ও পরিকল্পনা বিষয়ে আলোচনা করে বগুড়ায় ফিরছিল জেএমবির শীর্ষ নেতারা। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশ হেড কোয়ার্টার্সের ইনটেলিজেন্স শাখা ও বগুড়া জেলা পুলিশের গোয়েন্দা শাখার যৌথ অভিযানে দুটি বিদেশি পিস্তল, গুলিসহ জেএমবির পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
গাজীপুরে পুরাতন জেএমবির প্রধান সমন্বয়কের সাথে মিটিং করে বগুড়ায় ফেরার পথে মঙ্গলবার দিবাগত রাতে তাদের গ্রেফতার করা হয়।
আজ বুধবার দুপুরে বগুড়া জেলা পুলিশ সুপার আলী আশরাফ ভুঞা বিপিএম প্রেস ব্রিফিং এর মাধ্যমে এতথ্য নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃতরা হলো: জামালপুর জেলার বড়ইকুড়া গ্রামের মৃত লোকমান আলীর ছেলে শহিদুল্লাহ ওরফে মাসুম ওরফে গোপাল (৪৬)। সে রাজশাহী ও রংপুর বিভাগের ইছাবার প্রধান পুরাতন জেএমবির আছির (জেলবন্দি) বিভাগীয় প্রধান, রাজশাহী বিভাগীয় ইছাবা (সামরিক) প্রধান রাজশাহী জেলার বেলপুকুরের আকবর আলীর ছেলে বুলবুল ওরফে সোহাগ (৩২), একই এলাকার একরামুল হকের ছেলে ইছাবা সদস্য মাসুদ রানা (৩১), রাজশাহী জেলার চারঘাট থানার আস্কোরপুর এলাকার শ্রী উৎপল হাজরার পুত্র নবমুসলিম আতিকুর রহমান ওরফে সৈকত (৩৩) এবং একই এলাকার ইছাবা সদস্য মৃত আবু তালেবের ছেলে মিজানুর রহমান (৩৫) ওরফে দর্জি মিজান।
বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সনাতন চক্রবর্তী জানান, মঙ্গলবার মধ্যরাতে জেলার শেরপুর উপজেলার মির্জাপুরের রানীহাটের এক দোকানের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।
জেলা পুলিশ সুপার আলী আশরাফ ভুঞা বিপিএম সাংবাদিকদের জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশহেড কোয়ার্টার্সের ইনটেলিজেন্স শাখা ও বগুড়া জেলা পুলিশের গোয়েন্দা শাখার যৌথ অভিযানে তাদের গ্রেফতারকরে। এদের কাছ থেকে বিদেশী ৭.৬৫ এমএম পিস্তল ও একটি৯ এমএম পিস্তল, ২ টি ম্যাগজিন, ১০ রাউন্ড পিস্তলের গুলি, ৩ টি বার্মিজ ছোরা, বিদেশী পিস্তল দুটি সচল, ১জোড়া হ্যান্ডকাপ উদ্ধার করে।
পুলিশ সুপার জানান, গ্রেফতারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে যে, তারা কয়েকদিন আগে গাজীপুরে পুরাতন জেএমবির প্রধান সমন্বয়ক ও সুরা সদস্য খোরশেদ আলম মাস্টারসহ কয়েকজনের সাথে সাক্ষাত করেছে। সেখানে তাদেরকে অস্ত্র সরবরাহ করে। সাক্ষাতে উত্তরাঞ্চলের জেএমবির বর্তমান কার্যক্রম, পরিকল্পনাবিষয়ে তারা আলোচনা করে বগুড়ায় ফিরছিল। ফেরার পথে তাদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত বুলবুল, মাসুদ, আতিকুর ও দর্জি মিজানেরবিরুদ্ধে রাজশাহী জেলার মতিহার থানায় ডিবি পুলিশের পরিচয়ে ডাকাতির মামলা রয়েছে। গ্রেফতারকৃতদের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করা হবে বলেও তিনি জানান।
এম আই মিরাজ/এসএম





