বাংলাদেশের এনজিও সংস্থা নিয়ন্ত্রণ আইনের কঠোর সমালোচনা করেছে নিউইয়র্কভিত্তিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ। আইনটিকে কঠোর মন্তব্য করে সংস্থাটির এশিয়ার ডেপুটি ডিরেক্টর পিল রবার্টসন বলেছেন, এ ধরণের নিয়ন্ত্রণ আইন একদলীয় শাসন বা একক কতৃত্ববাদী শাসনের নামান্তর।
রবিবার হিউম্যান রাইটস ওয়াচ’র ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে এ কথা বলা হয়।
এনজিও সংস্থা নিয়ন্ত্রণ আইন বাতিলের দাবি জানিয়ে বিবৃতিতে বলা হয়, এ আইনটি অবশ্যই বাতিল হওয়া উচিত। বাংলাদেশের দাতাদের উচিত এ আইনের বিষয়ে প্রকাশ্যে তাদের উদ্বেগ জানানো। আর এটি সরকারের এক ধরণের নীরব অবজ্ঞা।
দেশের বেসরকারি সংস্থাগুলো অবরুদ্ধ হয়ে গেছে উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, এ আইনের মাধ্যমে খুব সহজেই এনজিওগুলোর বৈধ কাজের বিরুদ্ধে অপব্যবহার করা যাবে।
পিল রবার্ট সন বলেন, বাংলাদেশের সরকার ও ব্যাক্তিগত খাতে দুর্নীতির ছড়াছড়ি রয়েছে। এটা খুবি দৃষ্টি কটু যে সরকার সেদিকে নজর না দিয়ে এনজিও গুলোকে নিয়ন্ত্রণ করতে কঠোর আইন করছে ও সময় ব্যয় করছে।
তিনি বলেন, এ আইন বহাল থাকলে তা বাংলাদেশের উন্নয়ন ও মানবাধিকার রক্ষার কাজে দাতাদের অর্থায়নকে মারাত্মকভাবে বাধাগ্রস্থ করবে।
ঢাকা, ৬ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেআই





