কক্সবাজারের টেকনাফে পৃথক দুর্ঘটনায় স্কুলছাত্র ও এক জেলে মারা গেছেন।
বৃহস্পতিবার দুপুর ২টার দিকে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের খারাংখালী বাজারে ট্রাকচাপায় মারা যান রামুর রাবেতা ক্যাডেট মাদ্রাসার ৮ম শ্রেণির ছাত্র হাফেজ মাসুম বিল্লাহ (১৫)। সে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের নয়াপাড়া এলাকার মাস্টার ইসমাঈলের ছেলে।
হোয়াইক্যং হাইওয়ে পুলিশের ইনচার্জ সার্জেন্ট মো. জহির বিষয়টি নিশ্চিত করেছেন।
অপরদিকে, টেকনাফের শামলাপুর সমুদ্র সৈকতে বৃহস্পতিবার দুপুর ১টার দিকে নৌকার নিচে পড়ে এক জেলে মারা গেছেন।
বাহারছড়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আনিসুর রহমান জানিয়েছেন, দুপুরে বঙ্গোপসাগর থেকে মাছ শিকার শেষে নৌকাটি কূলে এসে ভেড়ানো হয়। নৌকা থেকে মাছ খালাসের পর নৌকাটি নিরাপদে কূলে উঠিয়ে রাখার জন্য ঠেলাগাড়িতে তোলার সময় হঠাৎ করে একটি বড় ঢেউ ধাক্কা দিলে আব্দুস সালামের ছেলে মো. ইয়াছিন ওরফে কালু (৩৮) নৌকার নিচে পড়ে আহত হন।
তাকে উদ্ধার করে স্থানীয় উপস্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লাশ উদ্ধার করে কক্সবাজার হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
তিনি বাহারছড়া ইউনিয়নের শামলাপুর ঝাউবাগানের রোহিঙ্গা বস্তিতে বসবাস করে আসছিলেন।
ঢাকা, ২৫ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, কেএইচ





