‘যারা দীপনকে হত্যা করেছে, তাদের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই। আমি তাদের বিচার চাই না। তারা ভালো থাকুক। তাদের শুভবুদ্ধির উদয় হোক। জানি, বিচার চেয়ে কোনো প্রতিকার হবে না।’ এসব কথা বলছিলেন দুর্বৃত্তদের হাতে নিহত জাগৃতি প্রকাশনীর স্বত্বাধিকারী ফয়সাল আরেফিন দীপনের বাবা অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক।
খানিক আগে নিজেই নিজের ছেলের মরদেহ উদ্ধার করেছেন। এ অবস্থায় বিহ্বল দৃষ্টিতে জাগৃতির কার্যালয়ের সামনে দাঁড়িয়ে সাংবাদিকের একের পর এক প্রশ্নের উত্তর দিয়ে যাচ্ছিলেন তিনি।
একটু পরে খানিকটা ক্ষোভের সঙ্গেই বলে উঠলেন, ‘এখানে যে ধর্ম নিয়ে ক্রিয়া এবং প্রতিক্রিয়া, একপক্ষ ধর্মের পক্ষ নিয়ে দাঁড়িয়েছেন, আরেক পক্ষ ধর্ম নিরপেক্ষতা নিয়ে দাঁড়িয়েছেন। এটা করে জাতিকে চরম বিপর্যয়ের দিকে নিয়ে গেছেন। জঙ্গিবাদবিরোধী আন্দোলন, মৌলবাদবিরোধী আন্দোলন যত হবে, তত আরও ক্ষয়ক্ষতি বাড়বে।’ তিনি আরও বলেন, ‘ধর্ম বা ধর্মনিরপেক্ষতা বাদ দিয়ে গণতন্ত্র এবং সমাজতন্ত্র নিয়ে আন্তরিকতার সঙ্গে যদি রাজনীতি করা যায়, তবেই মঙ্গল হবে।’
এআই





