বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের স্ত্রী বেগম ফজিলাতুন্নেসা (৭৯) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
বুধবার (২১ নভম্বর) সন্ধ্যা ৭টা ২০ মিনিটে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আলমগীর কবির বলেন, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের স্ত্রী বেগম ফজিলাতুন্নেসা ডায়াবেটিস’সহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। এইসব অসুখ নিয়ে গত ২৭ অক্টোবর হাসপাতালে ভর্তি হন।
মৃত্যুকালে ৩ মেয়ে ও ১ ছেলে, নাতি-নাতনি’সহ আত্মীয়-স্বজন রেখে গেছেন বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের স্ত্রী।
ফজিলাতুন্নেসার নিকটাত্মীয় আসাদ রহমান জানান, আজ (২২ নভেম্বর) বৃহস্পতিবার সন্ধ্যায় নড়াইলের ধুড়িয়া গ্রামে ফজিলাতুন্নেসাকে দাফন করা হবে। এর আগে আসর নামাজ বাদ শহরের কুড়িডোব মাঠে জানাজা অনুষ্ঠিত হবে। অসুস্থ হওয়ার আগে ফজিলাতুন্নেসা নড়াইল শহরের বাড়িতেই বসবাস করতেন।
উল্লেখ্য, ১৯৫৯ সালের ২৬ ফেব্রুয়ারি পূর্ব পাকিস্তান রাইফেলসে (বর্তমানে বিজিবি) যোগ দেওয়া নূর মোহাম্মদ মুক্তিযুদ্ধের সময় ৫ সেপ্টেম্বর যশোরে পাকবাহিনীর গুলিতে শহীদ হন। পরে তাকে ‘বীরশ্রষ্ঠ’খেতাব ভূষিত করে সরকার।
এমবি





