'নড়াইল এক্সপ্রেস' মাশরাফি বিন মুর্তজা, বাংলাদেশ জাতীয় ক্রিকেটের ইতিহাসে সর্বকালের অন্যতম সেরা অধিনায়ক তিনি। আর বাংলাদেশ তো বটেই, গোটা বিশ্বেও বর্তমান সময়ে তার মত অধিনায়ক আছেন গুটি কয়েক।

তবে ক্রিকেটের সীমানা ছাড়িয়েছেন অনেক আগেই। হাজার হাজার তরুণ-তরুণী, যুবক, যুবতীর অনুপ্রেরণার নিরন্তর উৎস 'নড়াইল এক্সপ্রেস'।

আমাদের নড়াইল প্রতিনিধির পাঠানো তথ্যের ভিত্তিতে জানা যায়, ২০০১ সালের ৮ নভেম্বর আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় টাইগারদের এই মহানায়কের। ক্রিকেটের জন্য অসংখ্য বার ছুরি-কাঁচির খোঁচায় বদলে গেছে তার মানচিত্র। দুই হাঁটুতে ৭ বার করেছেন অপারেশন। তারপরও যেন পিছিয়ে পড়তে নারাজ ৩৩ বছর বয়সি টাইগারদের এই অভিভাবক।

এরপরও দলকে দিয়ে যাচ্ছেন দুই হাত ভরে। বেশ কিছুদিন ধরে একটি দাবি উঠেছে নড়াইল জুড়ে। চিত্রা নদীর ওপর চলছে জেলাবাসীর দীর্ঘ দিনের আকাঙ্খার চিত্রা সেতুর কাজ। মাশরাফির নামে সেই চিত্রা সেতুর নামকরণের দাবি জানিয়েছেন নড়াইলবাসী।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম এই দাবিটি আরও জোড়ালো হচ্ছে। জেলার সামাজিক,রাজনৈতিক, পেশাজীবী, সাংস্কৃতিক, সাংবাদিক, জন প্রতিনিধিসহ সর্বমহলের দাবি এই সেতুটির নাম হোক নড়াইলের কৃতি সন্তান মাশরাফি বিন মর্তুজার নামে।

নড়াইলবাসীরা জানান,মাশরাফি নড়াইল বাসীর গৌরব। তার সফল নেতৃত্বের জন্য আমাদের দেশের ভাবমূর্তি বিশ্বের বুকে উজ্জ্বল হয়েছে। যতদিন এই বাংলার বুকে ক্রিকেট থাকবে তত দিন যাতে তাকে মনে রাখতে পারে নড়াইলবাসী সেই জন্য এই সেতু তার নামে নামকরণ করা হোক।

জেলার এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী আমাদের নড়াইল জেলা প্রতিনিধিকে জানান, সেতুর নামকরণের ব্যাপারের কোন সিদ্ধান্ত এখনও হয়নি। খুব শীঘ্রই সেতুর নিমার্ণ কাজ শেষ হবে।

নড়াইল জেলা প্রসাশক বলেন, নামকরণের জন্য ঢাকায় একটি নাম পাঠিয়েছে। এ ব্যাপারে এখনও সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি।

উল্লেখ্য, নড়াইল ফেরিঘাট ও সীমাখালি অংশে এলজিইডি বিভাগের তত্ত্বাবধানে ২৮ কোটি ২০ লাখ টাকা ব্যায়ে ২০১৫ সালের এপ্রিল মাসে ৫ স্প্যানবিশিষ্ট ১৪০ মিটার পিসি গার্ডার সেতুর নির্মাণ কাজ শুরু হয়। আগামী মার্চ-মে মাসে শেষ হবে এই সেতু নির্মাণকাজ।

উজ্জ্বল/এমবি