কুড়িগ্রাম শহরের গাড়িয়াল পাড়ায় মুক্তিযোদ্ধা হোসেন আলীর হত্যার জড়িত সন্দেহে আট জনকে আটক করেছে পুলিশ।

তাদের মধ্যে তিন জনকে বুধবার বিকেলে আদালতে সোপর্দ করা হয়েছে। বাকিদের পুলিশ হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

এদিকে, বুধবার (২৩ মার্চ) বিকাল সাড়ে ৫টায় মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে জেলার ৯টি উপজেলায় হত্যাকাণ্ডের প্রতিবাদে একইসঙ্গে মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

এসব কর্মসূচি থেকে প্রশাসনকে সাতদিনের সময় বেঁধে আল্টিমেটাম দেওয়া হয়। এ সময়ের মধ্যে হত্যাকারীদের আটক না করা হলে লাগাতার কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।

কুড়িগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে আয়োজিত মানববন্ধন ও সমাবেশে বক্তব্য রাখেন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সিরাজুল ইসলাম টুকু, সদর উপজেলা কমান্ডার আব্দুল বাতেন, মুক্তিযোদ্ধা সাইফুল আলম দুলাল, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল ভৌমিক, অ্যাডভোকেট আহসান হাবীব নীলু, জেলা সিপিবি নেতা আক্তারুল ইসলাম রাজু, বাসদের ফুলবর রহমান, মোনাব্বের হোসেন মিন্টু, ছাত্র ইউনিয়নের জেলা কমিটির সাধারণ সম্পাদক সুজন মোহন্ত প্রমুখ। জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সিরাজুল ইসলাম টুকু আল্টিমেটাম ঘোষণা করেন।

ওএফ