গাজীপুর সিটি কর্পোরেশনে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। চলছে ভোট গণনা। নির্বাচনে জালভোট ও ব্যালট পেপার ছিনতাই’সহ নানা অনিয়মের অভিযোগে  ৯টি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।

আজ (মঙ্গলবার) সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। ভোটগ্রহণ চলে বিকেল ৪টা পর্যন্ত।

নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব হেলালুদ্দীন আহমদ ৯টি কেন্দ্রের ভোট স্থগিতের কারণ হিসাবে উল্লেখ করেছেন, দুষ্কৃতিকারী কর্তৃক ব্যালট পেপার ছিনতাই এবং ব্যালট বাক্সে জোর করায় ৯টি কেন্দ্রে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়। এরই পরিপ্রেক্ষিতে ৯টি ভোটকেন্দ্রের ভোট স্থগিত করেছেন দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসাররা।  

কেন্দ্রগুলো হলো- ১৫নং ওয়ার্ডের ভোগড়া বাজার সংলগ্ন ভোগড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় (কেন্দ্র-১,মূল ভবন), ২৬ নং ওয়ার্ডের কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন মদিনাতুল উলুম সিনিয়র মাদ্রাসা (দ্বোতলা পশ্চিম ভবন), ৩৭ নং ওয়ার্ডের কুনিয়া হাজী আ. লতিফ সরকারী প্রাথমিক বিদ্যালয় (কেন্দ্র-১) ও কুনিয়া হাজী আ. লতিফ সরকারী প্রাথমিক বিদ্যালয় (কেন্দ্র-২), ৪২ নং ওয়ার্ডের পূবাইলের বিন্দান সরকারী প্রাথমিক বিদ্যালয়, ৪৮ নং ওয়ার্ডের টঙ্গীর জাহান পাবলিক দত্তপাড়া (পুরুষ কেন্দ্র), ৫১ নং ওয়ার্ডের খরতৈল মনসুর আলী আদর্শ বিদ্যালয়-১ (পুরুষ কেন্দ্র) ও খরতৈল মনসুর আলী আদর্শ বিদ্যালয়-২ (পুরুষ কেন্দ্র) এবং ৫৩ নং ওয়ার্ডের টঙ্গীর হাজী পিয়ার আলী সরকারী প্রাথমিক বিদ্যালয় (পুরুষ কেন্দ্র)।

কেন্দ্রগুলোর সংশ্লিষ্ট প্রিজাইডিং অফিসার ইসির সঙ্গে পরামর্শ করে বিধিমোতাবেক ভোট গ্রহণ স্থগিত করে রিটার্নিং অফিসারের কাছে তালিকা পাঠিয়েছেন। স্থগিত হওয়া ৯টি কেন্দ্রে মোট ভোটার সংখ্যা হলো-২৩ হাজার ৯৩৫জন।

এই নির্বাচনে ৪২৫টি কেন্দ্রে ভোটার সংখ্যা ১১ লাখ ৩৭ হাজার ৭৩৬ জন। ৭ মেয়রপ্রার্থীর পাশাপাশি ২৫৪ সাধারণ কাউন্সিলর ও ৮৪ সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

আরও প্রার্থী থাকলেও গাজীপুর সিটির মেয়র পদে প্রধান দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থী হলেন- আওয়ামী লীগের (নৌকা) মনোনীত প্রার্থী জাহাঙ্গীর আলম ও বিএনপির (ধানের শীষ) হাসান উদ্দিন সরকার।   

নির্বাচন চলাকালীন বিএনপি অভিযোগ করেছে, দুই শতাধিক কেন্দ্র থেকে তাদের এজেন্টদের বের করে দেওয়া হয়েছে। অন্যদিকে একে বিএনপির ‘চিরাচরিত অভ্যাস’বলে মন্তব্য করেছে আওয়ামী লীগ। 

৮০ বছরের ইতিহাসে এমন ভোট ডাকাতি দেখেনি গাজীপুরবাসী

গাজীপুরবাসী ৮০ বছরের ইতিহাসে এমন ভোট ডাকাতি দেখেনি বলে অভিযোগ করেছেন বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী হাসান উদ্দিন সরকার।

আজ (মঙ্গলবার) নির্বাচনের ভোট গ্রহণ শেষে সাংবাদিকদের হাসান সরকার এ কথা বলেন।

বিএনপি মেয়র প্রার্থী বলেন, গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনের ৪’শর অধিক কেন্দ্রে ভোট জালিয়াতি হয়েছে। আওয়ামী লীগের স্বরূপ উন্মোচন করার জন্যই বিএনপি নির্বাচন বয়কট করেনি বলে জানান হাসান সরকার।  

হাসান সরকার অভিযোগ করেন, বিভিন্ন কেন্দ্র দখল ও ভোট জালিয়াতির মাধ্যমে একচেটিয়াভাবে ভোট গ্রহণ হয়েছে গাজীপুরে। বিএনপির এজেন্টদের জোরপূর্বক কেন্দ্র থেকে বের করে দেয়া হয়েছে।

ভোটাররা স্বাধীনভাবে ভোট দিতে পারেনি। এমন ভোট ইতোপূর্বে গাজীপুরবাসী দেখেনি। এমন নির্বাচনের মাধ্যমে কমিশনকে ধ্বংস করে দেয়া হয়েছে।     

 

গাজীপুরে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট হয়েছে: ইসি সচিব 

 

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের স্থগিত হওয়া ৯টি কেন্দ্র বাদে বাকি ৪১৬টি কেন্দ্রে অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষভাবে ভোট গ্রহণ সমাপ্ত হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ।

 

আজ (মঙ্গলবার) বিকেলে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের ভোট গ্রহণ শেষে ইসির সচিব এসব কথা বলেন। 

 

হেলালুদ্দীন আহমদ বলেন, ৪২৫ টি কেন্দ্রের মধ্য শেষ পর্যন্ত ৯টি কেন্দ্র স্থগিত করা হয়েছে। বাকি ৪১৬টি কেন্দ্রে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে ভোট গ্রহণ সমাপ্ত হয়েছে। একটি ভোট উৎসবের মাধ্যমে গাজীপুরের ভোট সম্পন্ন হয়েছে। 

এমবি