সুদের টাকা সময় মত পরিশোধ করতে না পারায় সাভারে বেলাল হোসেন নামের এক চা বিক্রেতাকে পিটিয়েছে মিজানুর রহমান নামে এক পুলিশ সদস্য।

বুধবার সকালে সাভারের গেন্ডা ছাপড়া মসজিদ এলাকায় তাকে পেটায় ডিএমপিতে কর্মরত ওই পুলিশ সদস্য। খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

আহত চা বিক্রেতার বাড়ি দিনাজপুর জেলার বোচাগঞ্জ থানার মুনিপুর গ্রামে। তিনি ও স্ত্রীকে নিয়ে গেন্ডা এলাকার ব্যবসায়ী ইরান মিয়ার বাড়িতে ভাড়া থেকে একটি দোকানে চা বিক্রি করতেন।

আহত চা বিক্রেতা বেলাল হোসেন জানান, গত কয়েক মাস আগে গেন্ডায় বসবাসরত ডিএমপির পুলিশ কনস্টেবল মিজানুর রহমানের কাছে থেকে প্রতিমাসে এক হাজার টাকা সুদে সাত হাজার টাকা ধার নেন বেলাল। কিন্তু সুদের টাকা সময় মত পরিশোধ করতে পারেননি। সকালে ওই পুলিশ কনস্টেবল সুদসহ মূল টাকার জন্য চাপ দেন চা বিক্রেতা বেলালকে। এসময় তিনি টাকা দিতে কয়েকদিন দেরি হবে জানালে পুলিশ সদস্য মিজানুর রহমান তাকে মারধর করে ধাক্কা দিয়ে ফেলে দেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গিয়ে প্রাথমিক চিকিৎসা দেন।

এ ঘটনায় এলাকায় ক্ষোভের সৃষ্টি হলে পুলিশ কনস্টেবল মিজানুর রহমান পালিয়ে যান। খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনার পর থেকে আতঙ্কে ওই চা বিক্রেতা দোকান বন্ধ রেখেছেন।

বিষয়টি নিশ্চিত করে সাভার মডেল থানার সহাকারী পুলিশ সুপার রাসেল শেখ বলেন, চা বিক্রেতা পিটিয়ে আহত করার খবর শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

এমএম