সিরাজগঞ্জে বিএনপি-আওয়ামী লীগ ও পুলিশের ঘণ্টাব্যাপী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক সাইদুর রহমান বাচ্চু ও ছাত্রদলের যুগ্ম-আহবায়ক মুরাদ হোসেন গুলিবিদ্ধসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন। এ ঘটনায় প্রায় ১০টি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছেন বিএনপি নেতাকর্মীরা। এ সময় সিরাজগঞ্জ জেলা বিএনপি কার্যালয়ে ব্যাপক ভাংচুর চালান আওয়ামী লীগ নেতাকর্মীরা।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকাল ১১টার দিকে সিরাজগঞ্জ শহরের ইবি রোডের জেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে অবরোধের সমর্থনে একটি মিছিল বের করেন বিএনপি নেতাকর্মীরা। মিছিল থেকে ১০টি ককটেল বিস্ফোরণ ঘটানো হলে পুলিশ বাধা দেয়। এতে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়।
এ সময় আওয়ামী লীগের একটি মিছিল সেখানে পৌঁছলে ত্রিমুখী সংঘর্ষ শুরু হয়। আওয়ামী লীগ নেতাকর্মীরা জেলা বিএনপি কার্যালয়ে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর চালান। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ শতাধিক রাউন্ড রাবার বুলেট, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক সাইদুর রহমান বাচ্চু ও জেলা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক মুরাদ গুলিবিদ্ধসহ অন্তত ২৫ জন আহত হন। সোয়া ১২টার দিকে সংঘর্ষ নিয়ন্ত্রণে আনে পুলিশ।
সিরাজগঞ্জ সদর থার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল ইসলাম জানান, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
জেআই





