বাংলাদেশের সামরিক বাহিনী সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধান পদের মেয়াদ সর্বোচ্চ ৪ বছর নির্ধারণ করে এ সংক্রান্ত আইনের খসড়ায় চূড়ান্ত অনুমোদন দিয়েছে সরকার।
আজ সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ‘প্রতিরক্ষা বাহিনীসমূহের প্রধানদের (নিয়োগ, বেতন, ভাতা এবং অন্যান্য সুবিধা) আইন- ২০১৭’এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। তবে ৩ বাহিনী প্রধানের বেতন ভাতা আগের মতোই থাকছে। মূল বেতন ৮৬ হাজার টাকা।
সচিবালয়ে সোমবার দুপুরে মন্ত্রিসভার বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এসব তথ্য জানান।
তিনি বলেন, সংবিধানে বলা আছে, বাহিনী প্রধানদের নিয়োগ ও বেতন-ভাতা আইন দিয়ে নির্ধারিত হবে। এতদিন জয়েন্ট সার্ভিসেস ইন্সট্রাকশনস (জেএসআই) নামে একটি সার্কুলার দিয়ে এটা চলত।
যেহেতু সংবিধানের বাধ্যবাধকতা আছে, সেহেতু আইন প্রণয়ন করা হচ্ছে। বর্তমান বেতন কাঠামো অনুযায়ী বাহিনী প্রধানরা মাসে ৮৬ হাজার টাকা মূল বেতনের সঙ্গে অন্যান্য ভাতা ও সুযোগ সুবিধা পাবেন বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।
জয়েন্ট সার্ভিসেস ইন্সট্রাকশনস-এ বাহিনী প্রধানদের পদে চাকরির সময় নির্ধারণ ছিল না জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, নতুন আইনে বলা হয়েছে, ৪ বছরের জন্য তারা (বাহিনী প্রধান) নিয়োগপ্রাপ্ত হবেন। রাষ্ট্রপতি তাদের নিয়োগ দেবেন।
এমবি





