গাড়ি চাপায় গুরুতর আহত এক পুলিশ কনস্টেবলকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে গেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া।
শনিবার দুপুর সাড়ে ১২টায় তারা ঢামেক হাসপাতালে যান। সেখানে আইসিইউতে থাকা কনস্টেবল শামীম হোসেনের (২৭) চিকিৎসার খোঁজখবর নেন।
ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া জানান, শুক্রবার রাত ১১টার দিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অদূরে এলেনবাড়ি এলাকায় দায়িত্ব পালন করা অবস্থায় কনস্টেবল শামীমসহ আরো কয়েকজন পুলিশ সদস্য ‘বাঁচাও, বাঁচাও’ বলে এক নারীর কণ্ঠস্বর শুনতে পান।
এ সময় তারা এগিয়ে গেলে একটি সাদা মাইক্রোবাস কনস্টেবল শামীমকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে শামীম গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করেন সহকর্মীরা।
ডিএমপি কমিশনার আরো জানান, মাইক্রোবাসটি এখনো আটক করা সম্ভব হয়নি। তবে ঘটনাস্থলে সিসি ক্যামেরা লাগানো ছিল। সিসি ক্যামেরার ফুটেজ দেখে আসামিদের ধরার চেষ্টা করা হচ্ছে। অতীতে যারাই এ ধরনের কাজ করেছে, তাদেরকে খুঁজে বের করে আইনের আওতায় আনা হয়েছে।
এআর





