ভোলার চরফ্যাশন উপজেলা ছাত্রদল সভাপতি আব্দুল রাজ্জাককে পিটিয়ে হত্যার ঘটনায় আওয়ামী লীগের অঙ্গ-সংগঠনের ১৭ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।

নিহতের বাবা মো. হোসেন মিয়া বাদী হয়ে বৃহস্পতিবার সকালে উপজেলার শশীভূষণ থানায় মামলাটি দায়ের করেন।

শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামছুল আরেফিন তথ্যটি নিশ্চিত করে জানান, নিহত ছাত্রদলের সভাপতির বাবা বাদী হয়ে ১৭ জনকে শনাক্ত করে অজ্ঞাত আরও অনেককে আসামি করে মামলা দায়ের করেন।

আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান ওসি।

প্রসঙ্গত, ঈদের দিন রাতে (২৫ সেপ্টেম্বর) চরফ্যাশন উপজেলা ছাত্রদলের সভাপতি রাজ্জাক রাতে খাবার খেয়ে তার বন্ধুদের সঙ্গে হাজারীগঞ্জ ইউনিয়নের বাঁধ এলাকায় ঘুরতে বের হন। এ সময় কয়েকজন দুর্বৃত্ত তার ওপর হামলা চালায়। তাকে পিটিয়ে আহত করে তারা চলে যায়।

পরে বন্ধু ও পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ভোলা সদর হাসপাতালে নেওয়া হয়। শনিবার সকাল ৬টার দিকে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এমকে