গ্রামীণ প্রকল্পে নিম্নমানের গম বরাদ্দের প্রতিবাদ জানিয়ে খাদ্যমন্ত্রীর শাস্তির দাবি জানিয়েছে বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি। বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে এ দাবিতে মানববন্ধন করেছে সংগঠনটি।

সংগঠনের সাধারণ সম্পাদক অ্যাড. আনোয়ার হোসেন রেজা বলেন, ব্রাজিল থেকে চারশ কোটি টাকা ব্যয়ে আমদানীকৃত নিম্নমানের দেড় লাখ টন গম পুলিশসহ যাদের দেয়া হয়েছিল তা তারা ফিরিয়ে দেয়। দুর্গন্ধযুক্ত, নোংরা এ গম সরকার গ্রামের বিভিন্ন কর্মসূচী ও প্রকল্পে বরাদ্দ দিয়েছে।

তিনি বলেন, গ্রামের দরিদ্র ক্ষেতমজুরসহ দিনমজুররা কেন এ গম খাবে? সরকার এসব দরিদ্র মানুষকে মানুষ মনে করলে তা খাওয়ার জন্য দিতে পারত না। কিন্তু যখন কেউ এ গম খায় না তখন গ্রামের সাধারণ গরিব মানুষের জন্য সরকার কিভাবে তা বরাদ্দ দেয়? নিম্নমানের খাদ্যের অনুপযোগী এ গম গ্রামীণ প্রকল্পের বরাদ্দ থেকে প্রত্যাহারের পাশাপাশি খাদ্যমন্ত্রীসহ জড়িতদের শাস্তি প্রদান করতে হবে।

তিনি বলেন, সরকার এমপিদের পছন্দের লোকদের কাছ থেকে গম কিনছে। ফলে কৃষকরা গমের দাম পাচ্ছে না। নিম্নমানের গম প্রত্যাহার না করলে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে।

আয়োজক সংগঠনের সহ-সভাপতি ডা. ফজলুর রহমান সভাপতিত্বে মানববন্ধনে আরও বক্তব্য রাখেন সহ-সভাপতি সৈয়দ আহমেদ ও মোতালেব হোসেন প্রমুখ।

এমএ/জেডআই