ফুটবল খেলা দেখাকে কেন্দ্র করে বুধবার বেলা ১২টায় মাদারীপুরের মস্তফাপুরে ২ গ্রামবাসীর মধ্যে দফায় দফায় সংঘর্ষে ৫০ জন গ্রামবাসী আহত হয়েছেন।

এ সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ও পুলিশের গুলিতে ১০ জন গুলিবিদ্ধ হয়। সব মিলিয়ে ৬০ জন লোক আহত হন। আহতদের মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোফাজ্জেল হোসেন জানান, মঙ্গলবার রাতে সদর উপজেলার ঝিকরহাটি গ্রাম ও তাঁতিবাড়ি গ্রামের ফুটবলপ্রেমীদের উদ্যোগে বড় পর্দায় আর্জেন্টিনা ও সুইজারল্যান্ডের খেলা দেখার আয়োজন করা হয়।

এ সময় বসাকে কন্দ্রে করে বড় ও ছোটদের মাঝে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে স্থানীয় শাকিল ও হাসানের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এর জের ধরে বুধবার সকাল ১২টার দিকে দু’দল গ্রামবাসী দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

এক পর্যায়ে তারা বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায়। এতে অর্ধশত লোক আহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ৪৩ রাউন্ড গুলিবর্ষণ করে। এতে ১০ জন গুলিবিদ্ধ হয়। সব মিলিয়ে মোট ৬০ জন গ্রামবাসী আহত হয়েছেন।

মাদারীপুরের সহকারী পুলিশ সুপার আবু বক্কর সিদ্দিক জানান, দু’দল গ্রামবাসীর সংঘর্ষের সংবাদ পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৪৩ রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ করে। এতে কয়েকজন লোক আহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে এখন অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ঢাকা, ২ জুলাই (টাইমনিউজবিডি.কম) // কেএইচ