সাতক্ষীরা জেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আলিম, কৃষক দল সভাপতি আবু জাহিদ ডাবলুসহ সাতজন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার সকালে সাতক্ষীরা প্রেসক্লাবে জেলার নবনির্বাচিত মেয়রদের এক মতবিনিময় সভা থেকে তাদের গ্রেফতার করা হয়।

উল্লেখ্য, গত বুধবার সারাদেশে একযোগে ২৩৪টি পৌরসভায় ভোট হয়। সাতক্ষীরার দুটি পৌরসভাতেই বিএনপির প্রার্থীরা মেয়র নির্বাচিত হন।

এদের মধ্যে কলারোয়া পৌরসভায় গাজী আখতারুল ইসলাম ও সদরে তাসকিন আহমেদ চিশতি ক্ষমতাসীন জোটের প্রার্থীদের পরাজিত করেন।

গাজী আক্তারুল ইসলাম ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৫৫৩৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আরাফাত হোসেন মোবাইল প্রতীকে পেয়েছেন ৩৯৭৬ ভোট। আর আওয়ামী লীগের প্রার্থী আমিনুল ইসলাম লাল্টু নৌকা প্রতীকে পেয়েছেন ৩৩৯৯ ভোট।

তাসকিন আহমেদ চিশতি ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১৬,৩৪১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির শেখ আজহার হোসেন পেয়েছেন ১২,৫০০ ভোট।

বিজয়ী এসব মেয়র প্রার্থীদের নিয়ে জেলা বিএনপি শুক্রবার মতবিনিময় সভার আয়োজন করে। সকালে সেই অনুষ্ঠান শুরু হলে বেলা পৌনে ১১টার দিকে সেখান থেকে পুলিশ সাতজনকে গ্রেফতার করে। তবে তাৎক্ষণিকভাবে অন্যদের নাম জানা যায়নি।

সাতক্ষীরা সদর থানার ওসি এমদাদুল হক শেখ গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃতরা নিয়মিত মামলার আসামি। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে।

এসএইচ