নীলফামারীর রামগঞ্জে সহিংসতায় নিহত আওয়ামী লীগের চার নেতাকর্মীর পরিবারের মধ্যে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৪০ লাখ টাকার আর্থিক অনুদান দেয়া হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে নীলফামারী জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে নীলফামারী-২ (সদর) আসনের সংসদ সদস্য ও সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর প্রধান অতিথি হিসেবে নিহতদের মা, বাবা ও স্ত্রীদের মধ্যে সঞ্চয় পত্র তুলে দেন।
জেলা প্রশাসক মো. জাকীর হোসেনের সভাপতিত্বে জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট মমতাজুল হক, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুজার রহমান উপস্থিত ছিলেন।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এসএএম রফিকুন্নবী জানান, নিহত খোরশেদ আলম চৌধুরীর স্ত্রী গুলশান আরা বেগম ও মা শামসুন্নাহার চৌধুরীকে পাঁচ লাখ করে ১০ লাখ, লিটন হোসেন লেবুর মা মরিয়ম নেছাকে ১০ লাখ, মুরাদ হক শাহের স্ত্রী জেমি আক্তার ও তার ভাই ফরহাদ হোসেনের স্ত্রী লাকী বেগমকে পাঁচ লাখ করে ১০লাখ এবং নিহত দুই ভাইয়ের বাবা ফারুখ হোসেন শাহকে ১০লাখ টাকার সঞ্চয় পত্র তুলে দেওয়া হয়।
গত বছরের ১৪ ডিসেম্বর সদর উপজেলার লক্ষ্মীচাপ থেকে শহরের ফিরে আসার সময় রামগঞ্জ বাজারে মন্ত্রী আসাদুজ্জামান নূরের গাড়ি বহরের সাথে বিএনপি-জামায়াত জোটের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে আওয়ামী লীগের চার নেতাকর্মী ও একজন পথচারীসহ নিহত হন পাঁচ জন।
ঢাকা, ২১ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই





