কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় যাত্রীবাহী বাসচাপায় মো. শাহানশাহ (২৮) নামে এক আইনজীবী নিহত হয়েছেন।

মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কে কটিয়াদী উপজেলাধীন মধ্যপাড়া বাজারে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাহানশাহ উপজেলার বনগ্রাম ইউনিয়নের ঘিলাকান্দী বাগপাড়া গ্রামের সাবেক ইউপি সদস্য ফারুক আজমের ছেলে ও কিশোরগঞ্জ জজকোর্টের আইনজীবী।

নিহত শাহানশাহর চাচা মো. আসাদুজ্জামান জানান, আমার ভাতিজা শাহানশাহ মোটরসাইকেলে সকালে কিশোরগঞ্জ জজকোর্টে যাচ্ছিল।

এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা কিশোরগঞ্জগামী অনন্যা সুপার পরিবহনের একটি যাত্রীবাহী বাস মধ্যপাড়া বাজারে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়।

মোটরসাইকেলসহ শাহানশাহ বাসের সামনে ডানপাশে আটকে গেলে কিছু দূর টেনেহিঁচড়ে নিয়ে যাওয়ার সময় শাহানশাহ ছিটকে পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান। এ সময় উপস্থিত জনতা বাসটিকে আটক করলেও চালক পালিয়ে যায়।

বছরখানেক আগে শাহানশাহ বিয়ে করলেও তার কোনো সন্তান হয়নি।

এদিকে এ ঘটনার পর উত্তেজিত জনতা রাস্তা অবরোধ করে যানবাহন ভাঙচুর ও সড়কে যান চলাচল বন্ধ করে দেন। তবে এক ঘণ্টা পর উত্তেজিত জনতাকে রাস্তা হতে হটিয়ে যান চলাচল স্বাভাবিক করে পুলিশ।

কটিয়াদী হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. নাসির উদ্দিন মজুমদার জানান, বাসটি আটক করা হয়েছে। সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক করা হয়েছে।

এমআর