রংপুর-বগুড়া মহাসড়কে দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থী মনিরা খাতুন (১৫) নিহত হয়েছে। সে পীরগঞ্জ ইউনিয়নের রামপুরা গ্রামের মাহবুবা রহমানের মেয়ে । পরীক্ষা শেষে সোমবার দুপুরে বাবার চালিত ভ্যানে বাড়ি ফেরার পথে মহাসড়কের জামতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, সোমবার সকালে পরীক্ষা দিয়ে বাবার চালিত ভ্যানে চড়ে বাড়ি ফিরছিল। পথিমধ্যে বর্ণিতস্থানে পল্লী বিদ্যুতের খুঁটি বহনকারী মহেন্দ্র ট্রাক ভ্যানটিকে ধাক্কা দিলে ওই ছাত্রী ভ্যান থেকে পড়ে যায়। এতে মহেন্দ্রের চাকায় পিষ্ট হয়ে তার মাথা থেতলে যায়। পথচারীরা দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করে।
ওসি রেজাউল করিম জানান, মহেন্দ্রটি আটক করে থানা হেফাজতে আনা হয়েছে, ড্রাইভার পলাতক রয়েছে, এখনও মালিকের নাম-ঠিকানা মেলেনি।
দুর্ঘটনায় কবল থেকে বাঁচতে প্রতিনিয়ত নিজের ভ্যানে করে মেয়েকে স্কুলে আনা নেয়া করতো। নিজে চালক হয়েও মেয়ের প্রাণ বাঁচানোর বার্থতায় বাকরুদ্ধ হয়ে গেছে পিতা।
আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসম রফিকুল ইসলাম জানান, মেয়েটি মেধাবী হওয়ায় প্রতিষ্ঠান থেকে সব ধরনের সহযোগিতা অব্যহত ছিল।
রুবেল/জারিফ





