মাওয়া-কাওড়াকান্দি নৌরুটে ফেরি চলাচল বুধবারও স্বাভাবিক হয়নি।
তীব্র স্রোতের কারণে রো রো ফেরি ঘাট বন্ধ থাকায় মঙ্গলবার রাত থেকে ১৬টি ফেরির মধ্যে ৪টি ফেরি চলাচল করায় ঘাটের দুই পাশে পণ্যবাহী ট্রাকসহ প্রায় সাড়ে ৬শ’যান আটকা পড়েছে।
টানা ১৫ দিন ধরে মাওয়ায় ফেরি চলাচল ব্যাহত হওয়ায় যাত্রীদের দুভোর্গ চরম আকার ধারণ করেছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) সহকারী ম্যানেজার সিরাজুল ইসলাম জানান, উজানের পানি নেমে না যাওয়া পর্যন্ত এই প্রবল স্রোত থামার সম্ভাবনা কম। তাই সঙ্কট আরও কয়েক দিন স্থায়ী হবে।
এ ব্যাপারে বিআইডব্লিউটিসি’র উপ-পরিচালক আব্দুস সালাম জানান, প্রতি বছরই বর্ষা মৌসুমে ফেরি চলাচল বিঘ্নিত হচ্ছে। বর্তমানে ভেঙে যাওয়া ঘাটের পাশেই নতুন করে রো রো ফেরিঘাট নির্মাণের কাজ চলছে। মাওয়া ঘাট এলাকায় রো রো ঘাটের সংযোগ সড়ক নির্মাণসহ অন্য কার্যক্রম চালাতে ব্যস্ত সময় কাটাচ্ছেন বন্দরে নিয়োজিত শ্রমিকরা।
তবে কবে নাগাদ রো রো ফেরি ঘাট চলাচল শুরু হবে তা তিনি নির্দিষ্ট করে বলেতে পারেননি।
ঢাকা, ৩ সেপ্টম্বর, টাইমনিউজবিডি.কম, জেএ





