ফেনীতে ওয়ান শুটারগান-এলজি, গুলিসহ তিন ছিনতাইকারীকে আটক করেছে র্যাব-৭।
রোববার দুপুর দেড়টার দিকে সদর উপজেলার পূর্ব কাজিরবাগ থেকে তাদের আটক করা হয়।
ফেনী র্যাব-৭ কমান্ডার মেজর মো. মোজাম্মেল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ফেনী সদর এলাকার পূর্ব কাজিরবাগ গ্রামের সিলোনিয়া খালের পাড়ের বাঁশ ঝাড়ের ভেতরের পলিথিন ও বাঁশের তৈরি কুড়ে ঘরে অভিযান চালায় র্যাব।
এ সময় ১টি দেশীয় তৈরি ওয়ান শুটারগান, ১টি এলজি, ১টি রামদা, ১ রাউন্ড থ্রি-নট-ফ্রি রাইফেলের গুলি এবং ৪ রাউন্ড শটগানের কার্তুজ উদ্ধার করা হয়।
অস্ত্র রাখার দায়ে মৃত. এরশাদুল্যা ভূঁইয়ার ছেলে মো. এমরান (৩০) , মো. শাহজালালের ছেলে মো. সোহেল (২৪) ও মিজান ওরফে দয়াল ওরফে ডিপটির ছেলে মো. স্বপনকে (২০) আটক করে র্যাব।
জিজ্ঞাসাবাদে তারা জানায়, দীর্ঘদিন ধরে এসব অস্ত্র নিজেদের হেফাজতে রেখে তারা ফেনী জেলার বিভিন্ন এলাকায় ছিনতাই ও নাশকতা এবং সন্ত্রাসী কার্যকলাপ করে আসছে।
আটককৃত তিনজনকে ফেনী মডেল থানায় হস্তান্তর করে র্যাব। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এমকে





