ঠাকুরগাঁওয়ে ক্লিনিক ব্যবসার আড়ালে অ-সামাজিক কার্যকলাপ ও রমরমা মাদক ব্যবসা চলছে। পুলিশ অভিযান চালিয়ে এক ক্লিনিকের মালিক সহ পাঁচ জনকে আটক করতে সক্ষম হয়েছে। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমান ইয়াবা পাওয়ার কথা জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, সবুজ ক্লিনিকের মালিক মানিক চন্দ্র দে দীর্ঘদিন মাদক ব্যবসা করছিল। এই ক্লিনিক মালিকের নেটওয়ার্কে দেশের বিভিন্ন অঞ্চল থেকে ইয়াবা ও ফেন্সিডিলের চালান আসত।

রোববার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে ক্লিনিকে অভিযান চালিয়ে মাদক সম্রাট মানিক চন্দ্র দে ও তার সহযোগীদের গ্রেপ্তার করে পুলিশ। এ সময় বিপুল পরিমান ইয়াবা উদ্ধার করা হয়। এই ক্লিনিকের মালিকের বাড়ি শহরের শান্তিনগর মহল­ায়।

সূত্র জানায়, দিনাজপুরের বীরগঞ্জ,খানসামা ও পঞ্চগড়ের দেবীগঞ্জ হয়ে এই নেটওয়ার্কের সদস্যরা এই কারবার করছিল। ইয়াবা এলাকায় ছড়িয়ে দিত এই নেটওয়ার্ক। ভারতের ওপার থেকে ফেন্সিডিল এনে জেলা শহর সহ বিভিন্ন এলাকায় বিক্রি করত তারা।

এ বিষয়ে ঠাকুরগাঁও থানার ওসি মশিউর রহমান টাইমনিউজকে বলেন, অভিযান চালিয়ে পাঁচ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদক চোরা চালান প্রতিরোধে মামলা হয়েছে।

পারভেজ/জারিফ