রংপুর মহানগর জাতীয় পার্টির সদস্য সচিব এস এম ইয়াসীরকে কুপিয়ে গুরতর আহত করার প্রতিবাদে ও সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে (২১ জানুয়ারি) বৃহস্পতিবার রংপুর নগরীতে সকাল সন্ধ্যা হরতাল আহ্বান করেছে মহানগর জাতীয় পার্টি।

রোববার দুপুরে নগরীর কাচারী বাজার এলাকায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সমাবেশ থেকে এ হরতাল কর্মসূচি ঘোষণা করেন মহানগর জাপার আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা।

দুপুরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ইনসেনটিভ কেয়ার ইউনিটে এসএম ইয়াসিরকে দেখার পর সাংবাদিকদের কাছে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, দেশের আইনশৃংখলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে। দেশের মানুষের কোন নিরাপত্তা নেই। এই সরকার সাধারণ জনগণের জানমালের নিরাপত্তা দিতে ব্যর্থ।

এরশাদ বলেন, ঘরে বাইরে রাস্তায় কোথাও মানুষের নিরাপত্তা নেই। আমার দলের একজন জনপ্রিয় নেতাকে মেরে ফেলা উদ্দেশ্যে দিনে দুপুরে তার ওপর হামলা করা হয়েছে। এঘটনার প্রতিবাদে হরতাল ঘোষণা করা হয়েছে।

হরতালে সমর্থন দিয়ে এরশাদ বলেন, এ ঘটনার প্রতিবাদে জাতীয় পার্টি আন্দোলনে নেমেছে। আমরা আন্দোলন করছি। জনগণকে বলবো ওই দিন কাজে আসবে না।তিনি এ ঘটনায় তদন্ত করে জড়িতদের গ্রেফতারের দাবি জানান।

এসময় সাবেক মন্ত্রী জিএম কাদেরসহ রংপুর জেলা ও মহানগর জাতীয় পার্টির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে নগরীর সেন্ট্রাল রোড থেকে একটি বিক্ষোভ মিছিল নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কাচারী বাজার মোড়ে সমাবেশ হামলার প্রতিবাদে রংপুর মহানগরীতে বৃহস্পতিবার সকাল-সন্ধা হরতালের ঘোষণা দেন মহানগর আহবায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা।

এআই