জনগণের জন্য বরাদ্দকৃত ভিজিএফ-এর চাল ওজনে কম দেয়ার অভিযোগে দায়েরকৃত মামলায় দিনাজপুর পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলমকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার সকাল সাড়ে ১১টায় দিনাজপুর গোড়-এ শহীদ ময়দান থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছে দিনাজপুর কোতোয়ালি থানার ওসি রেদওয়ানুর রহিম।
পুলিশ জানায়, ঈদুল আজহা উপলক্ষে গরীব-দুস্থ ও অসহায় জনগণের জন্য সরকার কর্তৃক বরাদ্দকৃত ভিজিএফ-এর চাল ওজনে কম দেওয়া হচ্ছিল। জনপ্রতি ২০ কেজি করে দেয়ার কথা থাকলেও ১৮.৪০ কেজি করে দেওয়া হচ্ছিল। এই অভিযোগে শনিবার গুদাম রক্ষক ও বিতরণকারী মজিবর রহমানকে আটক করা হয়।
পরে সদর উপজেলা প্রকল্প বাস্তবায়নকারী কর্মকর্তা আলতাফ হোসেন বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।
মামলায় আটক ব্যক্তিসহ পৌর মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম ও ৫নং ওয়ার্ড কাউন্সিলর মাসুদুর রহমানকে আসামি করা হয়।
পরে সোমবার সকাল সাড়ে ১১টার দিকে দিনাজপুর গোড়-এ শহীদ ময়দান থেকে তাকে গ্রেফতার করা হয়। সেখান থেকে সরাসরি মেয়রকে আদালতে পাঠানো হয়।





