মাগুড়া সদর উপজেলার চাঁদপুর গ্রামে স্ত্রীর ছুঁড়ে দেওয়া গরম তেলে ঝলসে গেছেন স্বামী। স্বামীর পরকীয়ায় ক্ষুদ্ধ স্ত্রী বুধবার বিকালে এ কাণ্ড ঘটিয়েছেন। মারত্মক আহত অবস্থায় স্বামী জাহিদ হাসানকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জাহিদের স্ত্রী রেশমা খাতুনকে গ্রেফতার করেছে।

রেশমা জানান, গাজিপুরে ব্যবসা করেন জাহিদ। তাদের সংসারে তাসকিত (৫) ও তানজিম (৪) দুই ছেলে রয়েছে। সম্প্রতি দুই মহিলার সঙ্গে জাহিদের পরকীয়ার ঘটনা নিয়ে তাদের মধ্যে মনমালিন্য শুরু হয়।

পরিস্থিতি সামাল দিতে জাহিদ তাকে নিয়ে গ্রামের বাড়ি চাঁদপুরে চলে আসে। মঙ্গলবার গভীর রাতে ওই দুই মহিলার সঙ্গে জাহিদ মোবাইলে প্রেমালাপ করেন। এতে ক্ষুদ্ধ হয়ে বুধবার বিকালে জাহিদের শরীরে গরম তেল ছুড়ে মারেন তিনি।

অপরদিকে হাসপাতালে চিকিৎসাধীন জাহিদ দাবি করেন, তিনি পরকীয়ার ঘটনায় জড়িত নন। বরং তার বিষয় সম্পত্তি রেশমার নামে লিখে দেয়ার জন্য চাপ সৃষ্টি করছিল। সম্পত্তি লিখে না দেওয়ায় রেশমা গরম তেল ছুড়ে দিয়ে তার শরীরের বিভিন্ন অংশ ঝলসে দিয়েছে।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, স্বামী-স্ত্রীর মধ্যে মনমালিন্য নিয়ে এ ঘটনা ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে জাহিদের স্ত্রী রেশমা খাতুনকে আটক করা হয়েছে। তবে এ ঘটনায় ভুক্তভোগীর পক্ষ থেকে এখনও কোন মামলা হয়নি।

ঢাকা, ২৪ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই