গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জে জমি নিয়ে বিরোধের জের ধরে থানায় মামলা করায় প্রতিপক্ষের হামলায় বাদী পরিবারের তিন নারীসহ পাঁচজন আহত হয়েছেন।

প্রতিপক্ষের লোকজন এসময় বাদীর বসতবাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দেয়। উপজেলার চন্ডিপুর ইউনিয়নের পূর্ব সীচা (লালচামার) গ্রামে মঙ্গলবার রাতে এ হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

ওই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ বুধবার দুপুরে আবদুল খালেক মিয়া (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে। এসময় তার বাড়ি থেকে রক্তমাখা ধারাল একটি ছোরা উদ্ধার করা হয়।

আহত জরিনা বেগম (৪০), সাজেদা বেগম (৪২) ও শাহজাহান মিয়াকে (৪৫) সুন্দরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ছাড়া মেহের নেগা মিয়া (৪২) ও বিউটি বেগমকে (১৪) আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রামের মৃত সোবহানের ছেলে আবুবক্কর সিদ্দিকের সঙ্গে মৃত গুজরত আলীর ছেলে মোজাফ্ফর রহমান পাতার জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। বিরোধপূর্ণ জমি মোজাফ্ফর হোসেন জোর করে দখলে নেন। এ নিয়ে আবু বক্কর সিদ্দিক বাদী হয়ে থানায় একটি মামলা করেন। এতে আসামিপক্ষের লোকজন ক্ষিপ্ত হয়ে মঙ্গলবার রাত ৮টার দিকে আবু বক্করের বসতবাড়িতে হামলা চালিয়ে অগ্নিসংযোগ করেন। এসময় বাড়ির লোকজনকে মারপিট করে আহত করা হয়।

তিনি আরও জানান, ওই ঘটনায় আবু বক্কর সিদ্দিক বাদী হয়ে বুধবার দুপুরে সুন্দরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন।

জেআই