স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ‘খালেদা জিয়া নির্বাচনের ট্রেন মিস করেছেন। সময় চলে গেছে, এখন আর কোনো ধরনের সংলাপ সম্ভব নয়।’

তিনি বিএনপি চেয়ারপারসনের উদ্দেশে বলেন, ‘আপনারা নির্বাচন না করে যে ভুল করেছেন, সে ভুলের খেসারত আপনাকেই দিতে হবে। এখন আপনাকে আগামী ২০১৯ সাল পর্যন্ত অপেক্ষা করতে হবে।’

সিরাজগঞ্জের এনায়েতপুর থানা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন মঙ্গলবার দুপুরে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন নাসিম।

তিনি বলেন, ‘বিএনপি ক্ষমতায় থাকাকালে জঙ্গিবাদ, লুটপাট, খুন, গুম ও সন্ত্রাসের যে রাজনীতি শুরু হয়েছিল, আগামীতে তারা ক্ষমতায় আসলে আবারও এর পুনরাবৃত্তি হবে।’

এ্যাডভোকেট আব্দুল খালেকের সভাপতিত্বে সম্মেলনে সাবেক মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস, সংসদ সদস্য প্রফেসর ডা. হাবিবে মিল্লাত মুন্না, আব্দুল মজিদ মণ্ডল, জেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট কে এম হোসেন আলী হাসান, সহ-সভাপতি আবু মোহাম্মদ গোলাম কিবরিয়া, এনায়েতপুর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম সিরাজ প্রমুখ বক্তব্য রাখেন।

জেআই