দক্ষিণাঞ্চলে হঠাত করে খুনের ঘটনা বৃদ্ধি পেয়েছে। গত ১২ সেপ্টেম্বর সোমবার থেকে ১৯ সেপ্টেম্বর সোমবার পর্যন্ত বরিশালসহ গোটা দক্ষিণাঞ্চলে পৃথকভাবে আটজন খুন হয়েছে।

নিহতরা হলেন, জেলার মুলাদী উপজেলার কলেজছাত্র রকিবুল ইসলাম (১৮), আগৈলঝড়ার বিধবা উষা রানী বাড়ৈ (৪২) ও সুফিয়া বেগম (৫৫), বাকেরগঞ্জের মুক্তিযোদ্ধার সন্তান রায়হান হাওলাদার (১৮), সদর উপজেলায় অজ্ঞাতনামা যুবক (৩০), আমতলীতে হেলেনা আক্তার (২১), বরগুনার শ্রমিক নেতা হায়দার আলী (৪০) ও মঠবাড়ীয়ার সোহরাব হোসেন হাওলাদার (৫০)। পৃথক এ আটটি হত্যাকান্ডের ঘটনায় পুলিশ চারজনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।

বরিশাল কোতোয়ালী মডেল থানার ওসি শাহ মো: আওলাদ হোসেন জানান, ১৯ সেপ্টেম্বর নগরীর রূপাতলী বটতলা এলাকা থেকে অজ্ঞাতনামা (৩০) এক যুবকের লাশ উদ্ধার করা হয়। নিহতের শরীরের বিভিন্নস্থানে আঘাতের চিহ্ন থাকায় প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওই যুবকটিকে হত্যা করা হয়েছে।

আগৈলঝাড়া থানার ওসি মনিরুল ইসলাম জানান, ১৮ সেপ্টেম্বর সন্ধ্যায় উপজেলার দক্ষিণ বাগধা গ্রামে জমিজমা নিয়ে বিরোধের জেরধরে সুফিয়া বেগম নামে এক নারীকে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। এ ঘটনায় একমাত্র অভিযুক্ত আসামি শিউলী ওরফে সোনাই বেগমকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ।

এরআগে ১৪ সেপ্টেম্বর সন্ধ্যায় একই উপজেলার বাকাল গ্রামের মৃত সত্য রঞ্জন বাড়ৈর স্ত্রী উষা বাড়ৈকে (৪২) পরকীয়া প্রেমের জেরে হত্যা করা হয়। এ ঘটনায়ও একমাত্র অভিযুক্ত রেমন ঢালীকে (৪৫) গ্রেফতার করা হয়েছে।

বরগুনা সদর থানার ওসি রিয়াজ হোসেন জানান, ১৩ সেপ্টেম্বর রাতে আমলকীতলা গ্রামের নিজ বাড়ির সামনে বসে সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের কার্যকরী সদস্য হায়দার আলীকে (৪০) দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করে।

মুলাদী থানার ওসি মতিউর রহমান জানান, গত ১৬ সেপ্টেম্বর সকালে মুলাদী উপজেলার টুমচর গ্রামে ফুটবল খেলাকে কেন্দ্র করে সৈয়দ বদরুল হোসেন কলেজের একাদশ শ্রেণির ছাত্র রকিবুল ইসলামকে (১৮) হত্যা করা হয়। এ ঘটনায় মো: জাহাঙ্গীর নামের একজনকে আটক করা হয়েছে।

আমতলী থানার ওসি পুলক চন্দ্র রায় জানান, বরগুনার আমতলী উপজেলার গুলিশাখালী ইউনিয়নের হরিদ্রাবাড়িয়া গ্রামে গত ১৫ সেপ্টেম্বর রাতে হেলেনা বেগম (২১) নামের এক গার্মেন্টস কর্মীকে গণধর্ষণ শেষে হত্যা করেছে দুর্বৃত্তরা।

মঠবাড়িয়া থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, ১৫ সেপ্টেম্বর সকালে পিরোজপুরের মঠবাড়িয়ায় তুচ্ছ ঘটনায় কলেজ ছাত্রের ঘুষিতে সোহরাব হোসেন হাওলাদার (৫০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। ১২ সেপ্টেম্বর বিকেলে বাকেরগঞ্জের ভরপাশা ইউনয়নের আতাকাঠী গ্রামে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে মুক্তিযোদ্ধার সন্তান রায়হান হাওলাদারকে (১৮) পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় ইমরান নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

এসএ