নওগাঁর রাণীনগরে মাছ ব্যবসায় ক্ষতি করার জন্য একটি পুকুরে আফ্রিকান মাগুরকাপ মাছ ছেড়ে দিয়ে দেশীয় বিভিন্ন প্রজাতির রেনু মাছ নষ্ট করেছে দুর্বৃত্তরা। সোমবার সকালে মাছচাষী মশিউর আলম টুকু পুকুরে মাছ ধরতে গিয়ে ঘটনাটি জানতে পারে। ক্ষতিগ্রস্থ মাছ ব্যবসায়ী মশিউর আলম টুকু উপজেলার পারইল ইউনিয়নের বড়গাছা গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে।

জানা গেছে, মশিউর আলম টুকু প্রায় ৮ বছর ধরে তার বাড়ির পার্শ্বে একটি পুকুর লিজ নিয়ে মাছ চাষ করে আসছিলেন। গত তিন মাস আগে পুকুরে দেশীয় প্রাজাতির রুই, মৃগেল রেনু পোনা ছেড়ে দেন।রেনু মাছ বড় হয়ে যাওয়ায় সোমবার সকালে বিক্রি করার জন্য জাল দিয়ে শুরু হয় মাছ ধরা। জাল তোলার পড় দেখতে পান পুকুরে সবগুলো আফ্রিকান রাক্ষুষে মাগুরকাপ মাছ। সেই মাগুরকাপের পোনাগুলো দেশীয় জাতের রুই, মৃগেল রেনু পোনাগুলো খেয়ে ফেলেছে।

মাছ চাষী মশিউর আলম টুকু জানান, দেশীয় জাতের রুই, মৃগেলের রেনু পোনা ১০ লক্ষ টাকায় বিক্রি হত কিন্তু কে বা কাহারা শত্রুতা করে মাগুরকাপের পোনা ছেড়ে দেয়ায় ব্যবসায় ৬ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।

এব্যাপারে রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএসএম সিদ্দিকুর রহমান বলেন, এবিষয়ে আমার জানা নেই বা কেউ কোন অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

মো: আওরঙ্গজেব হোসেন রাব্বী/এসএম