নানীর বাড়ি যাওযার পথে রাস্তা থেকে অপহরণ করে নিয়ে গিয়ে ধর্ষণের শিকার হলো নাজ মুন্নাহার (২২) নামের এক নারী। দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার কাটলা ইউনিয়নের বেনিপুর নামক স্থানে এই ঘটনা ঘটে।
বিরামপুর থানা পুলিশ সুত্রে ঘটনার বিবরণে জানা গেছে, কাটলা ইউনিয়নের দাউদপুর গ্রামের গোলজার হোসেনের মেয়ে নিজ বাড়ি থেকে গত শুক্রবার সন্ধ্যায় একই ইউনিয়নের শৈলান গ্রামে নানীর বাড়ি যাওয়ার পথে বেনিপুর এলাকা হতে তাকে অপহরণ করে নিকটস্থ এক লিচুর বাগানে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়।
পরে পরিবারের লোকজন তার কোন খোঁজখবর না পেয়ে তাকে খোঁজাখুঁজি শুরু করে। এক পর্যায়ে ভিকটিমের নানা রাত ১০ টার সময় বেনিপুর গ্রামের পূর্বপার্শ্বে এক লিচুর বাগানে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে তাকে উদ্ধার করেন। শনিবার সকালে ভিকটিমের বাবা বিরামপুর থানায় তাকে সঙ্গে করে নিয়ে এসে অভিযোগ দায়ের করেন।
পুলিশ ভিকটিমকে তাৎক্ষণিক স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে ডাক্তারী পরীক্ষা ও উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
এ বিষয়ে বিরামপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) মিথুন সরকার জানান, অভিযোগ গ্রহণপূর্বক ভিকটিমকে উন্নত চিকিৎসা ও ডাক্তারী পরীক্ষা সম্পন্নের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
এ ঘটনায় ফিরোজ হোসেন নামে একজনকে আটক করা হয়েছে এবং ঘটনাস্থল তদন্ত পূর্বক অভিযুক্ত অন্যান্য আসামীদের গ্রেফতারের অভিযান চলছে।
সামিউল/মুহিব





