তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, দেশে কর্মসংস্থানের অভাবে তুখোড় মেধাবী শিক্ষার্থীরা বিদেশে চলে যায়। এখন দেশেই সেইসব মেধাবীদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে যশোরে শেখ হাসিনা সফটওয়ার টেকনোলজি পার্ক কনফারেন্স রুমে মিট দ্য প্রেস অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
জুনাইদ আহমেদ পলক বলেন, ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে মেধাবী তরুণ প্রজন্ম অগ্রণী ভূমিকা পালন করছে। ২০২১ সালে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীকে সামনে রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রূপকল্প ভিশন ২০২১ ঘোষণা করেন। স্বপ্নের সেই ডিজিটাল বাংলাদেশ এখন বাস্তব। তরুণ প্রজন্মকে কাজে লাগিয়ে তথ্য প্রযুক্তিখাতে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। বিপুল সংখ্যক তরুণ-তরুণী কর্মসংস্থান হচ্ছে।
প্রতিমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সোনার বাংলা গড়ার ভিশন নিয়ে জাতিকে স্বপ্ন দেখিয়েছিলেন। ১৯৭৫ সালে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের মধ্যে দিয়ে সোনার বাংলা গড়ার স্বপ্ন অন্ধকার হয়ে যায়। ২১ বছর দেশ অজানা গন্তব্যের পথে চলেছে। এরপর ২০০৮ সালের ১২ ডিসেম্বর জননেত্রী শেখ হাসিনা ক্ষুধা দারিদ্রমুক্ত ডিজিটাল বাংলাদেশ গড়ার রূপকল্প জাতির সমানে উপস্থাপন করেন। সেই স্বপ্ন বাস্তবায়নে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী পলক আরও বলেন, যশোরে শেখ হাসিনা সফটওয়ার টেকনোলজি পার্ক এখন স্বপ্ন নয়, বাস্তব। এর কাজ এখন শেষ পর্যায়ে। ইতোমধ্যে ১২টি প্রতিষ্ঠানকে স্পেস বরাদ্দ দেয়া হয়েছে। এই পার্কে ১৬ হাজার তরুণ তরুণীর কর্মসংস্থান সৃষ্টি হবে বলে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সচিব শ্যাম সুন্দর শিকদার, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আবদুস সাত্তার, শেখ হাসিনা সফটওয়ার হাইটেক পার্কের এমডি (অতিরিক্ত সচিব) হোসনে আরা বেগম, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন প্রমুখ।
এদিকে, মিট দ্য প্রেস অনুষ্ঠানের আগে শেখ হাসিনা সফটওয়ার পার্কে ১২টি প্রতিষ্ঠানকে স্পেস বরাদ্দ প্রদান করা হয়। এরপর স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং কোর্সের সার্টিফিকেট বিতরণ করেন প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
ওএফ





