চৌদ্দগ্রামে যাত্রীবাহী বাসে পেট্রোলবোমা হামলায় নিহতের ঘটনায় খালেদা জিয়াকে হুকুমের আসামী করার প্রতিবাদে কুমিল্লায় হরতাল পালন করছে ২০ দলীয় জোট। শনিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে এ হরতাল।
এর আগে শুক্রবার সন্ধ্যায় কুমিল্লা জেলা বিএনপির দফতর সম্পাদক জামিল আহমেদ খন্দকার এ হরতাল কর্মসূচির কথা জানান।
তিনি জানান, চৌদ্দগ্রামে গাড়ি পোড়ানোর অভিযোগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, কেন্দ্রীয় বিএনপির একাধিক নেতাসহ ২০ দলের নেতাকর্মীদের নামে মামলা করা হয়েছে।
এর প্রতিবাদে ও আটক নেতাকর্মীদের মুক্তির দাবিতে শনিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কুমিল্লা জেলায় ২০ দলের পক্ষ থেকে হরতাল ঘোষণা করা হয়।
গত মঙ্গলবার রাত সাড়ে ৩টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম উপজেলার জগমোহনপুর এলাকায় কক্সবাজার থেকে ঢাকাগামী আইকন পরিবহনের যাত্রীবাহী একটি বাসে দুর্বৃত্তদের ছোড়া পেট্রোলবোমায় নারী-পুরুষসহ ৭ জন ঘটনাস্থলে মারা যায় ও আহত হয় ২০ জন।
এ ঘটনায় বুধবার রাতে চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক (এসআই) নুরুজ্জামান হাওলাদার বাদী হয়ে খালেদা জিয়া, কেন্দ্রীয় বিএনপির একাধিক নেতা ও স্থানীয় বিএনপি-জামায়াতের ৫৬ নেতাকর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১৫-২০ জনের নামে হত্যা ও বিস্ফোরক আইনে মামলা দুটি করেন।
এআর





