১৮ আগস্ট ফ্লাইট হওয়ার কথা ছিলো। ভিসা জটিলতায় এক সপ্তাহ পরে আজ (রোববার) হচ্ছে। কথাগুলো কষ্ট নিয়ে বলছিলেন, রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে কিশোরগঞ্জ থেকে আসা হজযাত্রী মো. সাদেক মিয়া। রোববার ভোর সাড়ে পাঁচটায় তার ফ্লাইট।

সাদেক মিয়া বলেন, ১৮ আগস্ট চলে এলে ভোগান্তি হতো। ভিসা হাতে পেয়ে ভালো লাগছে। এখন ভালোভাবে হজ শেষ করতে পারলে বাঁচি। দোয়া করবেন।

কিশোরগঞ্জ ও নরসিংদীর ৪৫ জন হজযাত্রীর নেতৃত্বে থাকা মোয়াল্লি নাজিম উদ্দিন ভোগান্তির জন্য হজ অফিসের কর্মকর্তাদের দুষলেন।

তিনি বলেন, আমরা সব হজযাত্রীকে ভিসা ও টিকিট হাতে পাওয়ার আগ পর্যন্ত বাড়ি থেকে আসতে বলিনি। এখানে ভোগান্তি কমলেও সৌদিতে কোন ভোগান্তি অপেক্ষা করছে তা জানি না।

রংপুর থেকে আসা রাইসুল ইসলাম নামে একজন হজযাত্রীর আত্মীয় জানান, শুক্রবার ভোর ৬টায় ফ্লাইট শিডিউল থাকলেও ভিসা না পাওয়ায় যেতে পারেননি। রোববার ভোর সাড়ে পাঁচটায় ফ্লাইট। পাঁচজন হজযাত্রী আমি নিয়ে এসেছি। ১৮ আগস্ট তাদের ফ্লাইটের কথা ছিলো।

অযাচিত ভোগান্তির জন্য হজ অফিসকে দায়ী করলেন তিনিও।

আনসার আলী নামে বগুড়া থেকে আসা একজন হজযাত্রী জানান, ১৭-১৮ আগস্ট ভিসা জটিলতায় ভোগান্তিতে পড়া ১৪৮ যাত্রীর মধ্যে ভোরে ৫৪ জনের ফ্লাইট হবে। প্রথম ক’দিন এজেন্সি, হজ অফিসে খুবই বেগ পেতে হয়েছে। ভিসা পাওয়ার পর ভালো লাগছে। ভিসা পাওয়ার পর ভোগান্তি নেই বললেই চলে।

রোববার মধ্যরাতে হজ ক্যাম্পে গিয়ে হজযাত্রীদের সঙ্গে কথা বলে জানা যায়, ১৭-১৮ আগস্ট বেশিরভাগ হজযাত্রীর ফ্লাইট হওয়ার কথা ছিলো। ভিসা পেতে সমস্যা হওয়ায় যেতে পারেননি। দেরিতে ফ্লাইট হওয়ায় ক্ষোভ থাকলেও ভিসা পেয়ে সব ভুলে গেছেন তারা।

ভোগান্তি কমাতে হজের ক’দিন আগ থেকে নয়, সারাবছর এ নিয়ে কাজ করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তারা।

ক্যাম্পের হজ অফিসের আইটি এক্সিকিউটিভ মো. জহির উদ্দিন জানান, রোববার ভোর সাড়ে পাঁচটা, বেলা ১১টা ও বিকেল সাড় পাঁচটায় তিনটি ফ্লাইট রয়েছে। এ পর্যন্ত (রোববারসহ) সরকারি ব্যবস্থাপনায় ২ হাজার ৩২৬ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ২১ হাজার ৬২৪ জন হজযাত্রীর ফ্লাইট হয়েছে।

ঢাকা হজ অফিস থেকে পাওয়া তথ্য অনুযায়ী, এবার ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে ৭৮৩টি হজ এজেন্সি মুসল্লিদের পাঠানোর অনুমোদন পেয়েছে। এদিকে বেসরকারি ব্যবস্থাপনার মোয়াল্লেম ফি জমাদানকারী এজেন্সি রয়েছে ৮৫৪টি। এ বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় সৌদি আরবে হজ পালনে যাবেন ১ লাখ ১ হাজার ৭৫৮ জন।

এএইচ