অবরোধের সঙ্গে ২০ দলের ডাকা হরতালে বরিশাল মহানগরীতে ব্যাপক তৎপরতা চালাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

সকাল ৭টার দিকে ছাত্রদলের কয়েকজন নেতা-কর্মী হরতালের সমর্থনে নগরীর জেলখানা মোড় এলাকা থেকে মিছিল বের করলে পুলিশ বাধা দেয়।

এ সময় বিক্ষুব্ধ ছাত্রদলের নেতা-কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়ে মারে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। পরে পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে ছুটে এলে হরতালের সমর্থনকারীরা চলে যায়।

এ ছাড়া সকাল থেকে বরিশালের কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

এ দিকে বরিশাল কেন্দ্রীয় বাস টার্মিনাল নথুল্লাবাদ থেকে দূরপাল্লার কোনো বাস ছাড়েনি। এ টার্মিনাল ও রূপাতলী বাস টার্মিনাল থেকে অভ্যন্তরীণ রুটে বাস চলাচল করলেও অন্যান্য দিনের তুলনায় কম।

এ ব্যাপারে বরিশাল-পটুয়াখালী মিনি বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক কাওছার হোসেন শিপন জানান, বরিশাল থেকে পটুয়াখালী ও বরগুনা রুটে বাস চলাচল স্বাভাবিক রয়েছে। তবে বরিশাল থেকে খুলনা রুটে বাস চলাচল করছে না। কিন্তু বরিশাল থেকে ঝালকাঠির উদ্দেশে সকাল থেকে দু-একটি বাস ছেড়ে গেছে।

অন্যদিকে বরিশাল লঞ্চ টার্মিনাল থেকে অভ্যন্তরীণ সব রুটে ছোট লঞ্চ চলাচল করছে।
বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, বরিশাল মহানগরীর প্রায় সব কটি স্থানে পুলিশ রয়েছে। এ ছাড়া টহল ডিউটিতে রয়েছে একাধিক টিম, সঙ্গে রয়েছে র্যা ব।

জেএ