চট্টগ্রামে জেএম সেন হলের পূজা মণ্ডপে হামলার ঘটনায় গ্রেফতার ৮৪ জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
শনিবার (১৬ অক্টোবর) সকালে কোতোয়ালী থানার এসআই আকাশ মাহমুদ ফরিদ বাদী হয়ে ছয়শ' জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
তাদের বিরুদ্ধে সরকারি কাজে বাধা,পুলিশের ওপর হামলা, ভাঙচুর ও ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগ আনা হয়েছে।
চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার কামরুল হাসান জানান, গ্রেফতার ৮৪ আসামিকে আদালতে পাঠানো হলে তাদের কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নেজাম উদ্দীন বলেন, জেএম সেন হলে হামলার ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা করেছে। ভিডিও ফুটেজ দেখে ৮৪ জনকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিদেরও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। এই ঘটনার পেছনে কারা আছে তাও বের করার চেষ্টা চলছে।
গতকাল (শুক্রবার) দুপুরে জুমার নামাজের পর আন্দরকিলল্গা শাহী জামে মসজিদ থেকে বের হয়ে কিছু মুসল্লি পাশের জেএম সেন হলের পূজা মণ্ডপের গেইট ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা করে। এসময় ব্যানার ছেঁড়ার পাশাপাশি প্রতিমাকে লক্ষ্য করে ঢিল ছুঁড়ে বলেও অভিযোগ করে পূজা কমিটি।
এমবি





