লক্ষীপুরে পুলিশের সাথে ‘বন্দুকযুদ্ধে’ মাসুম বিল্লাহ ওরফে লাদেন বাহিনীর কিরন ও রুবেল নামে দুই ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছে।

শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের বালাইশপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় পুলিশের ৩ সদস্য আহত হয়েছেন বলে পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে।

লক্ষীপুর জেলার সহকারী পুলিশ সুপার মো. জুনায়েদ কাউছার জানান, জেলার পূর্বাঞ্চলের শীর্ষ সন্ত্রাসী মাসুম বিল্লাহ ওরফে লাদেন মাসুমকে গ্রেফতারের জন্য দীর্ঘদিন থেকে অভিযান চালায় পুলিশ। শুক্রবার রাতে লাদেন বাহিনীর অন্যতম সদস্য ও একাধিক হত্যা মামলার আসামি কিরনকে আটক করে পুলিশ। তার দেওয়া তথ্য মতে রুবেল নামে ওই বাহিনীর আরেক সদস্যকে পুলিশ আটক করে লাদেন মাসুমের এলাকা বশিকপুরের বালাইশপুরে অভিযান চালায়।

এ সময় সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে। এতে আত্মরক্ষার্থে পুলিশ ১২ রাউন্ড গুলিবর্ষণ করলে বাহিনীর সদস্য কিরন ও রুবেল গুলিবিদ্ধ হয়। তাদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়।

জেএ