রাজধানীর রমনায় সাকিব (১০) নামের এক স্কুল ছাত্রকে গরম পানি দিয়ে ঝলসে দিয়েছেন গরুর ফার্মের মালিক। আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

রোববার বিকালে মধুবাগে এ ঘটনা ঘটে।

সাকিবের বাবার নাম মহসিন হাওলাদার। মধুবাগের ১৫/৪ নম্বর মিরবাগ তাদের বাসা। সে শেরেবাংলা উচ্চ বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। এই অভিযোগে ফার্মের মালিক বাবুল মিয়াসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।

সাকিবের বাবা মহসিন বলেন, রোববার বিকালে বাসার কাছে বাবুল মিয়ার গরুর ফার্মের পাশে শিশুরা খেলতে যায়। এ সময় বাবুল মিয়া তার লোকজন দিয়ে শিশুদের সরিয়ে দেন।

পরে এক সময় সাকিব ওখানে গিয়ে একটি ঠেলা গাড়ির উপরে বসে। তখন হঠাৎ গালমন্দ করতে করতে বাবুল মিয়া গরম পানি নিয়ে এসে সাকিবের পিঠে ঢেলে দেন।

দগ্ধ হয়ে সাকিব চিৎকার করে দৌড়ে বাড়িতে আসে। পরে তাকে ঢামেকের বার্ন ইউনিটে এনে ভর্তি করা হয়।

হাসপাতালের বার্ন ইউনিটের কর্তব্যরত চিকিৎসকরা জানিয়েছেন শিশু সাকিবের শরীরের ১৭ শতাংশ পুড়ে গেছে।

রমনা থানার ওসি মশিউর রহমান বলেন, ঘটনা শুনেই গরুর ফার্মের মালিকসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। শিশু সাকিবের বাবা মামলা করেছেন।

এমকে