পঞ্চম ও শেষ ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে।

গতকাল (১৮ জুন) মঙ্গলবার ২০টি উপজেলায় ভোট হয়। সকাল ৯টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। এরই মধ্যে উপজেলা পরিষদ নির্বাচনের বেশ কয়েকটির ফলাফল পাওয়া গেছে।    

গাজীপুর সদর- আওয়ামী লীগ, সুনামগঞ্জের জামালগঞ্জ-আওয়ামী লীগ, নেত্রকোনার পূর্বধলা-আওয়ামী লীগ, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ-আওয়ামী লীগ, বরগুনার তালতলী-আওয়ামী লীগ, পিরোজপুরের মঠবাড়িয়া-স্বতন্ত্র, শেরপুরের নকলা-স্বতন্ত্র, কিশোরগঞ্জের কটিয়াদি-স্বতন্ত্র, রাজবাড়ির কালুখালী-স্বতন্ত্র, ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর-স্বতন্ত্র, মাদারীপুর সদর উপজেলা-স্বতন্ত্র ও সিরাজগঞ্জের কামারখন্দে-স্বতন্ত্র প্রার্থী বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

উল্লেখ্য, পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচন গত ১০ মার্চ শুরু হয়। এরপর দ্বিতীয় ধাপে ১৮ মার্চ, তৃতীয় ধাপে ২৪ মার্চ ও চতুর্থ ধাপে ৩১ মার্চ ভোটগ্রহণ করে নির্বাচন কমিশন। এর মধ্যে চতুর্থ ধাপে ৩১ মার্চ ৬টি উপজেলায় এবং ২৪ মার্চ তৃতীয় ধাপেও ৪টি উপজেলায় ইভিএমে ভোটগ্রহণ করে ইসি।

কিছু দুষ্ট লোক একটু গণ্ডগোল করার চেষ্টা করেছে: ইসি সচিব

ইভিএম ছিনতাই ও জোর করে ভোট দেওয়ার চেষ্টা ছাড়া পঞ্চম উপজেলা পরিষদের শেষ ধাপের ভোট খুব ভালো হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. আলমগীর।

মঙ্গলবার (১৮ জুন) ২০ উপজেলার ভোটগ্রহণ শেষে নির্বাচন কমিশন (ইসি) ভবনের নিজ কার্যালয়ে তিনি এই মন্তব্য করেন।

ইসি সচিব বলেন, “ইভিএম ছিনতাই ও জোর করে ভোট দেওয়ার চেষ্টা ছাড়া পঞ্চম উপজেলা পরিষদের শেষ ধাপের ভোট খুব ভালো হয়েছে। দুই-একটা কেন্দ্রে সামান্য একটু গণ্ডগোল করার চেষ্টা করেছে কিছু দুষ্ট লোকজন। কিন্তু তারা সফল হয়নি।”

মো. আলমগীর বলেন, “ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার একটি কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) মেশিন ছিনতাই করার অভিযোগে কয়েকজনকে আটক করা হয়েছে। এরপর অল্প কিছুক্ষণের জন্য ভোটগ্রহণ স্থগিত ছিল। ইভিএম রি-ইনস্টল করে আবার ভোটগ্রহণ শুরু হয়েছে।”

তিনি বলেন, “একটা উপজেলায় কিছু লোকজন জোর করে ভোট দেয়ার চেষ্টা করেছিল। তারা পাঁচটা ব্যালট পেপারে জোর করে ভোট দিয়েছিল। ওই পাঁচটা ভোট বাতিল করে দেওয়া হয়েছে। তাদেরকেও গ্রেফতার করা হয়েছে।”

মো. আলমগীর বলেন, “এই নির্বাচনে ইসি খুব সতর্ক অবস্থানে ছিল। কোনো ধরনের ঝামেলা হলেই আমরা ব্যবস্থা গ্রহণ করেছি। সেজন্য ভোট ভালো হয়েছে। এতে ইসি সন্তুষ্ট। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে আমরা অতিরিক্ত নিরাপত্তার ব্যবস্থা করেছিলাম।”

ভোট গণনার পর ইভিএমের ফল দ্রুত আসার কথা থাকলেও দেরিতে আসে। জানতে চাইলে ইসি সচিব বলেন, “আমাদের চারটা উপজেলার সব কেন্দ্রে ইভিএমে ভোট হচ্ছে। ইভিএম কেন্দ্রগুলোর ভোট যদি রাত ৮টার পরে ফল পাই তাহলে আমরা এই মন্তব্য করতে পারব। দেরি হলো কেন প্রশ্ন করতে পারব। আগের সময়ের কথা বলতে পারব না। এবার দেখেন কী হয়।”

মঙ্গলবার (১৮ জুন) ২০ উপজেলায় ভোটগ্রহণ করে ইসি। এতে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ৬২ জন, ভাইস চেয়ারম্যান পদে ১০১ জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৭০ জন।

এমবি