মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় রেখা আক্তার (১৭) নামে এক ছাত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে।
বুধবার দিবাগত রাত ৯ টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, নিহত রেখা আক্তার উপজেলার রাজদিয়া গ্রামের মো. আমির শেখের মেয়ে। ২০১৪ সালে সে রাজদিয়া গার্লস স্কুল থেকে জিপিএ ৫ পেয়ে এসএসসি পাশ করে। গত কয়েক মাস আগে সৌদি প্রবাসী এক ছেলের সঙ্গে টেলিফোনে বিয়ে হয়। বুধবার রাতে বাড়ির পাশে একটি গাছের সঙ্গে সে ফাঁসি দেয়।
নিহতের মা জানান, আমি বাড়ি ছিলাম না। রাত ৯ টার পর বাড়ি এসে মেয়েকে না পেয়ে অনেক খোঁজাখুঁজি করি। পরে বাড়ির পেছনে একটি গাছের সঙ্গে গলায় দড়ি দিয়ে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পাই। এসময় চিৎকার করলে লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে।
তিনি জানান, রেখার সৌদি প্রবাসী এক ছেলের সঙ্গে বিয়ে হয়েছিল। কিন্তু ওই বিয়েতে রেখা রাজি ছিলনা, তা আমরা পরে জানতে পারি। এরপর থেকেই ও একটু অন্যমনস্ক থাকত, হয়তো এসব কারণে আত্মহত্যা করেছে।
সিরাজদিখান থানার ডিউটি অফিসার এসআই সাইফুল ইসলাম জানান, ঘটনাটি বিভিন্ন মাধ্যমে শুনেছি। তবে কেউ অভিযোগ না করায় আমরা কোনো ব্যবস্থা নিতে পারিনি।
কেএইচ





