যশোরের বেনাপোল সীমান্তপথে পাচারের সময় ১১৮ কেজি ভারতীয় গাঁজাসহ মনিরুজ্জামান (৩০) নামে এক মাদক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

সোমবার (২৪ জুলাই) ভোর ৫টার দিকে ভারতের সীমান্তবর্তী এলাকা বেনাপোলের রঘুনাথপুর মাঠ থেকে ৪৯ ব্যাটালিয়ন রঘুনাথপুর ক্যাম্পের বিজিবি সদস্যরা তাকে আটক করে।

আটক পাচারকারী মনিরুজ্জামান বেনাপোল পোর্টথানার বাহাদুরপুর ইউনিয়নের ৩ নম্বর ঘিবা গ্রামের আফজাল হোসেনের ছেলে।
 
বিজিবি সূত্র জানায়, তাদের কাছে গোপন খবর আসে সীমান্তপথে ভারত থেকে মাদকের চালান ঢুকছে। পরে বিজিবি জনবল বাড়িয়ে অভিযান চালায়। এসময় পাচারকারীদের ধাওয়া করলে তারা বস্তা ফেলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন এক পাচারকারীকে ১১৮ কেজি গাঁজাসহ আটক করা হয়।

৪৯ ব্যাটালিয়নের রঘুনাথপুর বিজিবি ক্যাম্পের হাবিলদার মিজানুর রহমান বলেন, আইনি প্রক্রিয়া শেষে ওই পাচারকারীকে মাদকদ্রবসহ বেনাপোল পোর্টথানা পুলিশে সোপার্দ করা হবে।

নাসির/জেড