উজানের পাহাড়ি ঢল আর সপ্তাহজুড়ে টানা বৃষ্টিপাতে জেলার বিভিন্ন উপজেলায় ৩০০ হেক্টর রোপা আমন তলিয়ে গেছে। এতে করে কৃষকদের মধ্যে দেখা দিয়েছে চরম হতাশা।

কৃষকদের সঙ্গে সরেজমিনে কথা হলে তারা জানান, সপ্তাহব্যাপী টানা বৃষ্টিপাতের ফলে জেলার করিমগঞ্জ, নিকলী, তাড়াইল, কুলিয়ারচর, কটিয়াদী ও বাজিতপুর উপজেলার রোপা আমন পানির নিচে তলিয়ে গেছে। কোনো কোনো জমি এক থেকে দুই ফুট পানির নিচে তলিয়ে আাছে।

কটিয়াদী উপজেলার করগাঁও গ্রামের কৃষক মুক্তা মিয়া, সবুজ মিয়া ও আক্কাস আলী কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমাদের প্রায় পাঁচ একর রোপা আমন ধানি জমি পানির নিচে তলিয়ে গেছে। এ বছর আর আমন ধান চোখে দেখতে পারলাম না। কি করব ভেবে পাচ্ছি না।’

কিশোরগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক শফিকুল ইসলাম জানান, কয়েকদিনের বৃষ্টিপাতে জেলার নিম্নাঞ্চলে এখনও ৩০০ হেক্টর আমনের জমি পানির নিচে তলিয়ে রয়েছে। তবে দ্রুত পানি সরে গেলে এসব জমিতে রোপিত চারার ক্ষতি অনেকাংশে হ্রাস পাবে।

তিনি আরও জানান, এ বছর জেলায় রোপা আমন আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৮৫ হাজার হেক্টর জমিতে। এর মধ্যে ৭৫ হাজার হেক্টর জমিতে রোপা আমনের চারা ইতোমধ্যে রোপণ করা হয়েছে।

জেআই