বর্ষবরণের উৎসবে একটি শোভাযাত্রা থেকে চারজনকে আটকের পর দিনভর থানায় রেখে পরে ছেড়ে দিয়েছে পুলিশ।
আটক ওই চার ব্যক্তিসহ কয়েকজন সমকামীদের অধিকারের পক্ষে বৃহস্পতিবার সকালে শোভাযাত্রা করতে চেষ্টা চালান বলে পুলিশ জানিয়েছে।
শাহবাগ থানার ওসি আবু বকর সিদ্দিক বলেন, সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মঙ্গল শোভাযাত্রার সময় সম্ভাব্য সংঘর্ষ এড়াতে ওই চারজনকে আটক করা হয়েছিল।
তারা ৩৫/৪০ জন প্রত্যেকে হাতে ছাতা এবং রেইনবো লেখা একটি ব্যানার নিয়ে চারুকলার সামনে অবস্থান নিয়েছিল।
ওসি বলেন, আগের দিন ফেইসবুকে এই সমকামীরা মঙ্গল শোভাযাত্রায় অংশ নেবে বলে প্রচার চালিয়েছিল। এটা জানাজানি হলে চারুকলার পক্ষ থেকে আমাদের বলা হয়, তারা যেন অংশগ্রহণ করতে না পারে। মঙ্গল শোভাযাত্রা বের হওয়ার সময় তারা অংশ নিতে গেলে পুলিশ তাদের হটিয়ে দেয়। এরপর মঙ্গল শোভাযাত্রা শেষে এককভাবে র্যালি বের করে। অন্যদিকে তাদের প্রতিহত করতে কয়েকজন চারুকলার সামনে অবস্থান নেয়।
তখন সংঘর্ষ এড়াতে শোভাযাত্রাটি পুলিশে আটকে দেয় জানিয়ে ওসি বলেন, বাকবিতণ্ডা এবং ধাক্কাধাক্কি করলে বাধ্য হয়ে পুলিশ তাদের মধ্যে চারজনকে আটক করে থানায় নিয়ে যায়।
তাদের আটকানোর কারণ জানতে চাইলে ওসি বলেন, তারা র্যালির অনুমতি নেয়নি। আর সমকামীদের ব্যাপারে রাষ্ট্রীয়ভাবে কোনো স্বীকৃতি নেই, সমাজে তাদের ব্যাপারে ভিন্নমত রয়েছে।
সমকামীরা আন্দোলনের মাধ্যমে বিশ্বের দুই ডজনের মতো দেশে অধিকারের স্বীকৃতি পেয়েছে। অধিকারের দাবিতে আন্দোলন করছে বিভিন্ন দেশে।
শাহবাগে আটকদের কোনো বক্তব্য পাওয়া যায়নি। পুলিশ জানায় তরা রূপবান নামে একটি ফেইসবুক গ্রুপের মাধ্যমে নিজেদের বক্তব্য তুলে ধরে।
ওসি আবু বকর জানান, আটক চারজনের দুজনকে রাতে অভিভাবকের কাছে এবং অন্য দুজনের ঢাকায় কোনো অভিভাবক না থাকায় বন্ধুদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।
এমআইএস।





