২০ রমজানের মধ্যে সকল পোষাক কারখানার শ্রমিক কর্মচারীদের উৎসব বোনাস ও ২৫ রমজান এর মধ্যে জুন/জুলাই মাসের পূর্ণ বেতন সহ সকল বকেয়া পাওনা পরিশোধের দাবিতে জাগো বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের উদ্যোগে ৩ জুন ২০১৬ শুক্রবার সকাল ১১ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে লাল পতাকা নিয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানবন্ধনে সভাপতিত্ব করেন জাগো বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সংগ্রামী সভাপতি শ্রমিক নেতা মোঃ বাহারানে সুলতান বাহার। বক্তব্য রাখেন, সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ মোস্তফা, গাজী নুর আলম, অন্তর রহমান, মোঃ শামীম, জামাল শিকদার, মোঃ মাকসুদুর রহমান, আমেনা বেগম, মায়া, মোঃ রুবেল প্রমুখ।
মানববন্ধনের দাবির সাথে একাত্মতা প্রকাশ করে সংহতি বক্তব্য রাখেন, বাংলাদেশের সাম্যবাদী দল’র কেন্দ্রীয় নেতা হারুন চৌধুরী।
মানববন্ধনে বক্তরা বলেন, মুসলমানদের সবচাইতে বড় উৎসব ঈদ বাংলাদেশে পোষাক কারখানায় কর্মরত ৪০ লক্ষ শ্রমিক-কর্মচারী নিজ নিজ গ্রামের বাড়িতে ঈদ উৎসব পালন করতে যান। প্রতি বৎসর ঈদ উৎসবে পোশাক শিল্পের মালিকগণ শ্রমিক কর্মচারীদের উৎসাহ বোনাস, বেতন-ভাতা দেয়া নিয়ে তালবাহানা করেন। বিগত দিন গুলোতে তারা নিজেদের ইচ্ছা মতো শ্রমিক-কর্মচারীদের উৎসব বোনাস দিতেন।
এই প্রথম বাংলাদেশে শ্রম বিধি ২০১৫ তে উৎসব বোনাস ঘোষণা করা হয়েছে। আমরা আশা করছি মালিকরা এই বৎসরে ছল চাতুরী করার চেষ্টা করবেন না। আমাদের দাবি শ্রম আইনে ঘোষিত উৎসব বোনাস আগামী ২০ রমজানের আগেই পরিশোধ করতে হবে।
যেহেতু জুলাই মাসের ৬/৭ তারিখে ঈদুল ফিতর অনুষ্ঠিত হবে সেহেতু শ্রমিক-কর্মচারীদের খরচ বাড়বে। তাই শ্রমিকরা যেন সুন্দরভাবে ঈদ উৎসব পালন করতে পারেন আগামী ২৫ রমজানের মধ্যে জুন/জুলাই মাসের পূর্ণ বেতন সহ সকল বকেয়া পরিশোধের দাবি করছি।
এমবি





