আজ থেকে মাদকের বিস্তার রোধে একটি হটলাইন সেবা চালু করতে যাচ্ছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
হটলাইন নম্বরে ফোন করে মাদক সম্পর্কে যে কোনো রকম তথ্য জানাতে পারবে সাধারণ মানুষ।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক জামাল উদ্দীন আহমেদ জানান, বৃহস্পতিবার (২ জানুয়ারি) থেকে হটলাইন সেবা চালু করতে যাচ্ছে। মাদক সমস্যা নির্মূলে কর্তৃপক্ষের সাথে জনগণকে সংযুক্ত করাই এই হটলাইন সেবা চালু করার মূল উদ্দেশ্য।
তিনি বলেন, মাদকের বিরুদ্ধে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা কর্তৃপক্ষ যত কঠোর অবস্থানেই থাকুক না কেন, জনগণ নিজে থেকে মাদক নিরাময়ে পদক্ষেপ না নিলে এই সমস্যা পুরোপুরি কখনোই সমাধান করা সম্ভব নয়।
অধিদপ্তরের মহাপরিচালক জানান, নতুন এই হটলাইন সেবায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাঠ পর্যায়ের কর্মকর্তাদের কাছ পর্যন্ত মাদক সংক্রান্ত তথ্য সরবরাহ করা যাবে।
এই হটলাইনের বহুমুখী ব্যবহার হবে বলে আশাপ্রকাশ করেন তিনি।
জামাল উদ্দীন বলেন, হটলাইনের প্রধান লক্ষ্য, মাদক ব্যবসায়ী সম্পর্কে কোনো তথ্য দেয়া হলে আমরা তা পর্যালোচনা ও যাচাই বাছাই করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।
এছাড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নিয়মিত যেসব সেবা দিয়ে থাকে, সেগুলোও এই হটলাইনের মাধ্যমে গ্রহণ করতে পারবেন সাধারণ মানুষ।
এমবি





