কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও এবার 'তুলনামূলক ভালো' ভোট হচ্ছে বলে জানালেন নির্বাচন কমিশনার আবু হাফিজ। অনিয়ম, গোলযোগ, সংঘর্ষের মধ্যে পঞ্চম ধাপের ভোটগ্রহণ চললেও শনিবার দুপুরে প্রথম চার ঘণ্টার পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন তিনি।
নির্বাচন কমিশনার আবু হাফিজ জানান, নোয়াখালী, জামালপুর, ব্রাহ্মণবাড়িয়া, ঠাকুরগাঁও, বরিশাল, কুমিল্লা ও চট্টগ্রাম থেকে কিছু গোলযোগের খবর এসেছে। যেখানে অনিয়ম হয়েছে সেখানে ভোট বন্ধ করে দেওয়া হয়েছে। তিনি আরো বলেন, 'নোয়াখালীর বেগমগঞ্জে ধাওয়া-পাল্টাধাওয়ায় এক বৃদ্ধ মারা গেছেন। গোলযোগের সময় দৌড় দিতে গিয়ে পড়ে মারা যান বলে খবর এসেছে।
তিনি বলেন, 'আমরা সব সময় খোঁজ রাখছি। চার ঘণ্টা পার হয়েছে ভোটের। এখন পর্যন্ত কয়েকটি এলাকায় হামলা-সংঘর্ষ ছাড়া অন্য কোথাও কোনো অসুবিধা হচ্ছে না। আমরা ব্যবস্থাও নিয়েছি। আর তো সব ভালো নির্বাচন হচ্ছে। বলা যায়-আগের চার ধাপের চেয়ে তুলনামূলক ভালো হচ্ছে।'
কেন্দ্র দখলের অভিযোগের বিষয়ে আবু হাফিজ জানান, প্রার্থী, মাঠ পর্যায় ও ইসি সচিবালয় থেকে অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হচ্ছে। তিনি বলেন, তৃণমূলের এ নির্বাচনে বরাবরই নানা ধরনের অভিযোগ থাকে। দলীয় প্রার্থী ও তাদের বিদ্রোহীদের কারণে গোলযোগের প্রবণতাও বেড়েছে। ইসির পক্ষ থেকে পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে সুষ্ঠু নির্বাচনের জন্য। ভোটের অনেক ধরনের চরিত্র রয়েছে। এখন মানসিকতার পরিবর্তন না হলে গোলযোগ ও অভিযোগের শেষ হবে না।
উল্লেখ্য, সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয় ৭১৭টি ইউনিয়নে। বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোট চলবে। প্রতিবারের মতো এবারও নির্বাচনী এলাকায় ঘোষণা করা হয়েছে সাধারণ ছুটি। এই ৭১৭ ইউনিয়নের ভোটাররা তিন হাজারের বেশি চেয়ারম্যান প্রার্থী এবং সাধারণ ও সংরক্ষিত সদস্য পদে প্রায় ৩০ হাজার প্রার্থীর মধ্যে থেকে তাদের জনপ্রতিনিধি বেছে নেবেন।
এমআর





