গ্লোবাল উইমেন লিডারশিপ ফোরামের বৈঠকে যোগ দিতে বুলগেরিয়ার উদ্দেশ্যে লন্ডন ছেড়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার লন্ডনের স্থানীয় সময় সকাল ৮টা ৪০ মিনিটে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীরা ব্রিটিশ এয়ারওয়েজের একটি ফ্লাইটে হিথরো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বুলগেরিয়ার রাজধানী সোফিয়ার উদ্দেশ্যে রওনা হন।
যুক্তরাজ্যে বাংলাদেশের রাষ্ট্রদূত আব্দুল হান্নান এবং স্থানীয় আওয়ামী লীগ নেতারা বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান।
বুলগেরিয়ার এই সম্মেলনে অংশ নিতে গত রোববার ঢাকা থেকে রওনা হন শেখ হাসিনা। বুধবার বিকালে সোফিয়ার জাতীয় আর্ট গ্যালারিতে গ্লোবাল উইমেন লিডারস ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন তিনি।
দুই দিন লন্ডনে অবস্থানকালে মঙ্গলবার স্থানীয় আওয়ামী লীগের আলোচনা সভায় অংশ নেন প্রধানমন্ত্রী।
পরিবারের সদস্যদের সঙ্গে একান্তে সময় কাটানো ছাড়াও লন্ডনে চিকিৎসাধীন সব্যসাচী লেখক সৈয়ম শামসুল হকের সঙ্গে দেখা হয় তার।
সফরসূচি অনুযায়ী, বুধবার দুপুর সোয়া ১টায় সোফিয়ায় পৌঁছানোর কথা রয়েছে শেখ হাসিনার। বিকালে বুলগেরিয়ার প্রেসিডেন্ট রোসেন প্লেনেলিয়েভের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বসবেন তিনি।
বিকালে উইমেন লিডারস ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেওয়ার পর রাতে ইউনেস্কো মহাসচিব ইরিনা বোকোভার দেওয়া নৈশভোজে অংশ নেবেন।
শুক্রবার বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে একান্ত ও দ্বিপক্ষীয় বৈঠক করবেন বুলগেরিয়ার প্রধানমন্ত্রী বয়কো বরিসভ। বৈঠকের পর দুই দেশের মধ্যে কয়েকটি চুক্তিও হতে পারে।
সফর শেষে শুক্রবার রাতে সোফিয়া থেকে রওনা হয়ে শনিবার সকালে ঢাকা পৌঁছানোর কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
এমই





