ঘন কুয়াশার কারণে মানিকগঞ্জের পাটুরিয়া থেকে রাজবাড়ির দৌলতদিয়া পর্যন্ত নৌপথে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)।
মঙ্গলবার ভোররাত ৪টা থেকে এই নৌপথে ফেরি চলাচল বন্ধ রয়েছে।
কুয়াশায় দিক হারিয়ে মাঝ নদীতে যাত্রী ও যানবাহন বোঝাই একটি ফেরি নোঙর করে আছে, এছাড়া চলাচল বন্ধ থাকায় ফেরি পারের অপেক্ষায় উভয়দিকে ঘাট এলাকায় আটকা পড়েছে বাস-ট্রাকসহ বিভিন্ন ধরনের দুই শতাধিক যানাবাহন।
পাটুরিয়া ঘাটেই আটকে আছে ট্রাকসহ প্রায় শতাধিক যানবাহন। আর সময় বাড়ার সঙ্গে সঙ্গে উভয় পাড়ের ঘাট এলাকায় ফেরি পারের জন্য আসা যানবাহনের সংখ্যাও ক্রমান্বয়ে বাড়ছে। এতে যাত্রীসহ যানবাহন শ্রমিকরা দুর্ভোগে পড়েছেন।
বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের ভারপ্রাপ্ত ডিজিএম জিল্লুর রহমান জানান, গত রাত থেকে পদ্মা অববাহিকায় কুয়াশা পড়তে থাকে। ভোর রাত ৪টার দিকে নৌপথ কুয়াশায় আচ্ছন্ন হয়ে পড়ে। এ কারণেই দুর্ঘটনা এড়াতে নৌপথে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।
বিআইডব্লিউটিসির এই কর্মকর্তা আরো জানান, ভোর চারটার দিকে ছোট ফেরি শাপলাসালু মাঝ নদীতে নোঙর করে। এদিকে পাটুরিয়া ঘাটে ৭টি এবং দৌলতদিয়া ঘাটে ৬টি ফেরি পন্টুন ও এর পাশে অবস্থান করছে। কুয়াশা কেটে গেলে এগুলো চালু করা হবে।
এমআর





