রাজধানীর উত্তরা থেকে জসিম উদ্দিন (২০) নামের এক ব্যবসায়ীকে অপহরণ করা হয়েছে। মুক্তিপণ হিসেবে তার পরিবারের কাছে ৭০ লাখ টাকা এবং ২০ ভরি স্বর্ণ দাবি করেছে অপহরণকারীরা।
এ ঘটনায় জসিম উদ্দিনের পিতা খলিলুর রহমান বাদি হয়ে তুরাগ থানায় একটি মামলা দায়ের করেছেন। ঘটনার পর থেকে পুরো পরিবার চরম দিশেহারা হয়ে আছেন।
অপহৃত জসিমের চাচা আব্দুর রশিদ জানান, বুধবার সকাল ৯টার দিকে প্রতিদিনের মত উত্তরার ৩নং সেক্টরে ব্যবসায় প্রতিষ্ঠানে যাওয়ার জন্য জসিম বাসা থেকে বের হয়। পরের দিন একটি ফোন আসে এবং জানানো হয় জসিমের মুক্তিপণ হিসেবে ৭০ লাখ টাকা ও ২০ ভরি স্বর্ণ দিতে হবে। অন্যথায় তাকে হত্যা করা হবে।
অপহরণকারীরা জসিমের পরিবারের কাছে মোবাইল ফোনে জানায়, স্থানীয় কিছু অপহরণকারীর কাছ থেকে তাকে ২০ লাখ টাকার বিনিময়ে কেনা হয়েছে। ঘটনাটি যদি কোনো সংবাদকর্মী বা মিডিয়াকে জানানো হয় তাহলে তাকে আর জীবিত পাওয়া যাবে না।
আব্দুর রশিদ আরো জানান, হরিরামপুর ইউনিয়নের চেয়ারম্যান আবুল হাশেম ওই ঘটনার তদারকির দায়িত্ব নিয়েছেন এবং তাদের পরিবারকে চুপচাপ থাকার জন্য বলা হয়েছে।
অপহরণের তিন দিন পর শুক্রবার রাতে মামলার বিলম্বের কারণ জানতে চাইলে পরিবারের লোকজন জানান, ঘটনার দিন উত্তরা পশ্চিম থানায় একটি জিডি করা হয়। কিন্তু এখন পর্যন্ত কোনো খোঁজ খবর না পেয়ে আমরা থানায় মামলা করতে বাধ্য হই। তারা অভিযোগ করেন, তুরাগ থানা পুলিশ মামলা নিতে তালবাহানার কারণে মামলা করতে বিলম্ব হয়েছে ।
তুরাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবির মো: হোসেন সাংবাদিকদের জানান, উত্তরা পশ্চিম থানার রাজল মার্কেটের পিছনে জসিমের একটি খাবার হোটেল আছে। প্রতিদিনের মত হোটেলে যাওয়ার উদ্দেশে বাসা থেকে বের হলে আব্দুল্লাহপুর এক চায়ের দোকানে জসিমের সাথে মো: আলী নামের এক ব্যক্তির দেখা হয়। বিকেলের দিকে জসিম তার মাকে ফোন করে জানান, তিনি সিরাজগঞ্জ আছেন। পরদিন (বৃহস্পতিবার) তার চাচার কাছে ফোন আসে, জসিম গেড়াকলে পড়েছে। তাকে জীবিত চাইলে ৭০ লাখ টাকা এবং কিছু স্বর্ণ দিতে হবে। তিনি আরো জানান, ঘটনার পর দিন উত্তরা পশ্চিম থানায় একটি জিডিও করেন তারা।
[b]ঢাকা, ০৩ মে (টাইমনিউজবিডি) //এমএ[/b]
জাতীয়
উত্তরায় ব্যবসায়ী অপহরণ, ৭০ লাখ টাকা মুক্তিপণ দাবি
রাজধানীর উত্তরা থেকে জসিম উদ্দিন (২০) নামের এক ব্যবসায়ীকে অপহরণ করা হয়েছে। মুক্তিপণ হিসেবে তার পরিবারের কাছে ৭০ লাখ টাকা এবং ২০ ভরি স্বর্ণ দাবি করেছে অপহরণকারীরা।





